প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ১০:২৯ এ এম
অনলাইন সংস্করণ
পাঁচ দিনের সরকারি সফর শেষে দক্ষিণ কোরিয়া থেকে দেশে ফিরেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শনিবার (২৪ অক্টোবর) রাত ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন একান্ত সচিব জ্যোতিশ্বর পাল। নুরুল হক নুর বিমানবন্দরে পৌঁছালে তাকে শুভেচ্ছা জানান গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ, উচ্চতর পরিষদের সদস্য শাকিলউজ্জামান ও সাকিব হোসাইন এবং প্রচার সম্পাদক আশরাফুল রায়হান। এ সময় দলটির মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ গণমাধ্যমকে নুরের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেন।
দলটির পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, পাঁচ দিনের সফরে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর বিষয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
সফরকালে দক্ষিণ কোরিয়ার চুংজু সিটির মেয়রের বিশেষ আমন্ত্রণে দেশটির প্রতিষ্ঠান ‘চুনকো কোম্পানি লিমিটেড’ পরিদর্শন করেন তিনি। এ ছাড়া ইনচেওন শহরের অন্তর্গত গাংহোয়া কাউন্টির মেয়র পার্ক ইয়ং-চোওলের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন।
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, স্বচ্ছ ও সুশৃঙ্খল নিয়োগব্যবস্থা নিশ্চিত করা এবং বাংলাদেশে কোরীয় বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে সিউলে দুটি পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেন নুর। এ ছাড়া দক্ষিণ কোরিয়ার কোরিয়ান প্রিন্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন তিনি।
মন্তব্য করুন