প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬, ০৯:৩৮ এ এম
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ১০ এপ্রিল রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে।
পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোল নাসের হেম্মাতি এবং কয়েকজন আইনপ্রণেতা।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গালিবাফ বলেন, “আমাদের সদিচ্ছা আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের কোনো বিশ্বাস নেই।” তিনি আরও বলেন, “দুর্ভাগ্যবশত, আমেরিকানদের সঙ্গে আমাদের আলোচনার অভিজ্ঞতা সবসময় ব্যর্থতা এবং প্রতিশ্রুতির লঙ্ঘনের মধ্য দিয়ে শেষ হয়েছে।”
গালিবাফ জানান, যুক্তরাষ্ট্র যদি একটি ‘প্রকৃত চুক্তির’ জন্য প্রস্তুত থাকে, তাহলে ইরানও প্রস্তুত। তবে লেবাননে যুদ্ধবিরতি এবং ইরানের আটকে পড়া সম্পদ ছাড়িয়ে না দেওয়া পর্যন্ত আলোচনা শুরু হবে না বলে তিনি আগেই স্পষ্ট করেছেন।
প্রতিনিধিদলকে ইসলামাবাদ বিমানবন্দরে স্বাগত জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদলে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও উপদেষ্টা জারেড কুশনার। তাঁরা ইতোমধ্যে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে অনুষ্ঠিতব্য এই বৈঠক মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ শান্তি ও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
মন্তব্য করুন