প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ
মাদকের কারবার যত গোপনেই চলুক,কখনো কখনো একটি গোপন তথ্যই খুলে দেয় পুরো ঘটনার জট! সুনামগঞ্জে এমনই এক তথ্যের সূত্র ধরে অভিযানে নামে এসআরবি-৯।আর তাতেই একটি কালো ব্যাগ থেকে বেরিয়ে আসে ৭ হাজার ১৭০ পিস ইয়াবার চালান। গ্রেপ্তার হন তাহিরপুরের জুয়েল মিয়া (৪৪)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে সুনামগঞ্জ সদর মডেল থানাধীন মল্লিকপুর এলাকায় আব্দুজ জহুর সেতুর পাশের সিএনজি স্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার জুয়েল মিয়া তাহিরপুর উপজেলার কাউকান্দি গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে।
এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল জানতে পারে, মল্লিকপুর এলাকায় আব্দুজ জহুর সেতুর পাশের সিএনজি স্ট্যান্ডে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন।
এ তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি রাত ৯টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন।এ সময় তাকে আটক করে তল্লাশি চালানো হয়।পরে তার সঙ্গে থাকা কালো রঙের একটি শপিং ব্যাগ থেকে ৩৭টি কালো রঙের বায়ুরোধক প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতরে পাওয়া যায় ৭ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত জুয়েল মিয়া জানান,সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
এসআরবি-৯ জানায়,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক তাকে ও জব্দ করা ইয়াবা সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ব্যাটালিয়নের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
মন্তব্য করুন