বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫ ঘন্টা আগে, ১২:১৫ পিএম

অনলাইন সংস্করণ

এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী নাজিফা তুষি

‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ১২তম এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বাংলাদেশের অভিনেত্রী নাজিফা আনজুম তুষি। ২০২৬ সালের স্নো লেপার্ড অ্যাওয়ার্ডে এ স্বীকৃতি অর্জনের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছেন তিনি।

‘রইদ’ সিনেমায় নাজিফা তুষি ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে। গত কুরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি ব্যবসায়িকভাবেও সাফল্য পেয়েছে।

এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বীকৃতি পেয়েছে ‘রইদ’। গত অক্টোবরের প্রথম সপ্তাহে কানাডার মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটি একসঙ্গে তিনটি পুরস্কার অর্জন করে। সেরা অভিনেত্রী, সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা সংগীত বিভাগে পুরস্কৃত হয় সিনেমাটি।

নতুন এই স্বীকৃতি পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নাজিফা তুষি। একই সঙ্গে সিনেমাটির পুরো দলের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘২০২৬ সালের এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের ১২তম আসরে ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে স্নো লেপার্ড অ্যাওয়ার্ড পেয়ে আমি ভীষণ সম্মানিত ও আনন্দিত।’

এ অভিনেত্রী বলেন, ‘সত্যি বলতে— এই উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ‘রইদ’ নির্বাচিত হওয়ার পর থেকেই আমরা অনেক আনন্দিত ও উচ্ছ্বসিত ছিলাম। এশিয়ার সেরা ও সবচেয়ে অকৃত্রিম গল্পগুলোকে হলিউডে এবং বিশ্বের দর্শকদের সামনে তুলে ধরার যে মঞ্চ, তার অংশ হতে পেরে মনে হয়েছে, আমরা শুধু সেখানে উপস্থিত ছিলাম না বাংলাদেশের সেরা কাজটিই তুলে ধরেছি।’

নিজের সাফল্যে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নাজিফা তুষি বলেন, ‘সবার আগে মহান আল্লাহর অশেষ রহমতের জন্য তার প্রতি কৃতজ্ঞ। সব সময় আমার সবচেয়ে বড় শক্তি হয়ে পাশে থাকার জন্য পরিবারের প্রতি এবং পথচলায় ভালোবাসা, দোয়া ও সমর্থন দেওয়ার জন্য আমার সব ভক্তের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

সিনেমাটির সঙ্গে যুক্ত সবার অবদানের কথাও তুলে ধরেছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘এই জয় আমার পুরো ‘রইদ’ দলেরও। এ সিনেমাটিতে নির্মাণ ও বিশ্বের দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার সঙ্গে যুক্ত কলাকুশলীসহ সবার অবদান রয়েছে। আলহামদুলিল্লাহ। অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ।’

 

মন্তব্য করুন