প্রকাশিত: ১৬ ঘন্টা আগে, ১১:১৫ এ এম
অনলাইন সংস্করণ
দেশের বাজারে চলতি বছরের সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। গত দুই সপ্তাহে নয় দফায় ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৩৪ হাজার ৭০০ টাকা কমেছে। সর্বশেষ সমন্বয়ে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।
শনিবার (২১ নভেম্বর) রাতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন নির্ধারিত দাম রোববার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। ২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য মানের স্বর্ণের দামও কমানো হয়েছে।
বাজুসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, দেশের বাজারে ২০২৫ সালের ৬ অক্টোবর প্রথমবারের মতো ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ টাকা ছাড়িয়ে যায়। ওই মাসে এক দফা দাম কমে ২৯ অক্টোবর ভরিপ্রতি দাম আবার দুই লাখ টাকার নিচে নেমেছিল। তবে এরপর থেকে স্বর্ণের দাম দুই লাখ টাকার বেশি ছিল।
চলতি বছরের ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়ে ভরিপ্রতি ২ লাখ ৮৬ হাজার ১ টাকায় পৌঁছায়। দেশের বাজারে এটিই ছিল স্বর্ণের সর্বোচ্চ দাম।
এরপর থেকে কয়েক দফায় দাম বাড়ানো ও কমানোর মধ্য দিয়ে দেশের বাজারে স্বর্ণের লেনদেন চলছে। সর্বশেষ ১৬ দফা মূল্য সমন্বয়ের মধ্যে ১১ বারই স্বর্ণের দাম কমানো হয়েছে। এর ফলে গত দুই সপ্তাহে নয় দফায় দাম কমে স্বর্ণের বাজারদর চলতি বছরের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
বাজুসের হিসাব অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৪২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ দফায় দাম বাড়ানো হয়েছে, ৭৬ দফায় কমানো হয়েছে এবং এক দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস।
মন্তব্য করুন