মোঃ নাজমুল হুদা

প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৯:১৫ এ এম

অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৯

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ৯ জন নিহত হয়েছেন। ভয়াবহ এ দুর্ঘটনার মুহূর্ত পাশ দিয়ে যাওয়া একটি গাড়ির ড্যাশক্যামের ভিডিওতে ধরা পড়েছে।

স্থানীয় সময় রোববার (১ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ক্রেস্টহেভেন এলাকার কাছে বিমানটি বিধ্বস্ত হয়। ভিডিওতে দেখা যায়, বিমানটি দ্রুতগতিতে মাটির দিকে নেমে আছড়ে পড়ে। আঘাতের সঙ্গে সঙ্গেই আগুনের বিশাল গোলায় ঢেকে যায় পুরো বিমান।

দুর্ঘটনার আগে পাইলট কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। ওই কথোপকথনে বিমানটির অস্বাভাবিক পরিস্থিতির কথা উঠে এসেছে।

জানা গেছে, বিমানটি ৩৫ হাজার ফুট উচ্চতায় পূর্বাঞ্চলের দিকে যাচ্ছিল। এ সময় পাইলট কন্ট্রোল টাওয়ারকে জানান, বিমানটি তীব্র ঝাঁকুনির শিকার হচ্ছে। পাশাপাশি বিমানে পাতলা বরফ জমা এবং শক্ত বরফ পড়ার কথাও জানান তিনি। বরফ জমা ঠেকাতে বিমানটি আরও দুই হাজার ফুট ওপরে নেওয়ার অনুমতিও চান পাইলট।

এর কয়েক মুহূর্ত পরই বিমানটি হঠাৎ খাড়াভাবে নিচে নামতে শুরু করে। এ সময় পাইলট কন্ট্রোল টাওয়ারকে জানান, বিমানটি প্রতি মিনিটে ১০ হাজার ফুট নিচে নেমে যাচ্ছে। পরে প্রতি মিনিটে ২০ হাজার ও ৩০ হাজার ফুট নিচে নেমে যাওয়ার কথাও জানান তিনি।

একপর্যায়ে পাইলট জরুরি বিপৎসংকেত ‘মে ডে’ ঘোষণা করে জানান, বিমানটি বিধ্বস্ত হতে যাচ্ছে। এর কিছুক্ষণ পরই বিমানটি অস্বাভাবিক গতিতে নিচে নেমে মহাসড়কে আছড়ে পড়ে।

বিধ্বস্ত হওয়ার স্থান থেকে অল্প দূরেই বসতবাড়ি রয়েছে। বিমানটি বাড়িঘরের ওপর পড়লে কিংবা মহাসড়কে চলাচলরত কোনো গাড়ির ওপর আছড়ে পড়লে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তথ্য সূত্র: এনবিসি নিউজ

মন্তব্য করুন