তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২১ ঘন্টা আগে, ০৭:৫৯ পিএম

অনলাইন সংস্করণ

তারুণ্যের জাগরণে সমৃদ্ধ আগামীর প্রত্যয়, তাহিরপুরে যুব দিবস পালিত

তারুণ্যের শক্তি, মেধা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি। পরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে‘দক্ষ যুব গড়বে দেশ,সবার জন্য বাংলাদেশ’প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা আশীষ আচার্য্যের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রিপা মনি দেবী।

এ সময় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএমআরএস আলীফ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, বীর মুক্তিযোদ্ধা হারুনর রশীদ, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুল কিবরিয়া এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের তাহিরপুর এপির প্রোগ্রাম অফিসার মহসিন খান।

বক্তারা বলেন,যুবসমাজ দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। তাদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগাতে দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান ও কর্মমুখী প্রশিক্ষণের সুযোগ বাড়ানো প্রয়োজন। বেকারত্ব দূরীকরণ এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যুবসমাজকে এগিয়ে আসতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রিপা মনি দেবী বলেন,দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা অর্জনের মাধ্যমে যুবকদের আত্মনির্ভরশীল হতে হবে। পাশাপাশি বেকারত্ব দূরীকরণ,কর্মসংস্থান সৃষ্টি ও দেশ গঠনে যুবসমাজকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এ সময় স্থানীয় যুবক-যুবতীসহ যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন