তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৫৪ মিনিট আগে, ০৩:১১ পিএম

অনলাইন সংস্করণ

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা করেছেন তাঁর বাবা কে এম এনায়েতুল করিম হেলাল। এ মামলায় তাহসিফের জুনিয়র বন্ধু শাহরিয়ার রেজা দ্বীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে নৌপুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে উত্তরখান থানায় মামলাটি করা হয়।

নৌপুলিশ ঢাকা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তফা কামাল বলেন, “তাহসিফের বাবা উত্তরখান থানায় হত্যা মামলাটি করেছেন। ওই মামলায় দ্বীপকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর এ ঘটনায় আরও তথ্য জানা যাবে।” মামলাটি উত্তরখান থানায় হলেও তদন্ত করবে নৌপুলিশ।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বাসা থেকে বের হন তাহসিফ। পরদিন টঙ্গীর মাজার বস্তি এলাকায় তুরাগ নদে ঝাঁপ দেন তিনি। নদীর সীমানাপ্রাচীরের ২৯ নম্বর পিলারের কাছ থেকে তাঁর ঝাঁপ দেওয়ার তথ্য পাওয়া যায়। পরে উত্তরখান থানার তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

তাহসিফের মৃত্যুর ঘটনায় কী ঘটেছিল, তা তদন্ত করছে নৌপুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর থেকে দ্বীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

জিজ্ঞাসাবাদে দ্বীপ জানান, মঙ্গলবার দিবাগত রাতে টঙ্গীর মাজার বস্তি এলাকায় পুলিশসহ কয়েকজন ধাওয়া করলে তাহসিফ নদে ঝাঁপ দেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পিবিআই মাজার বস্তি এলাকার হোন্ডা গলি থেকে তাহসিফের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে।

শুক্রবার দ্বীপকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পিবিআই। পরে রাতে তাঁকে নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়। এখন রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাহসিফের মৃত্যুর পেছনের ঘটনা সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করবে তদন্তকারী সংস্থা।

 

মন্তব্য করুন