প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ
সামান্থা রুথ প্রভুর সহপ্রতিষ্ঠিত পারফিউম ব্র্যান্ড ‘সিক্রেট অ্যালকেমিস্ট’-এর রাজস্ব ১২০ কোটি রুপি ছাড়িয়েছে। গত আট মাসে ব্র্যান্ডটির রাজস্ব বেড়েছে আট গুণ। একই সময়ে সামান্থার নতুন সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’ বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটি রুপির বেশি আয় করেছে বলে জানা গেছে।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘মা ইন্তি বাঙ্গারাম’ সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা করছে। ছবিটির প্রযোজক ও প্রধান অভিনেত্রী সামান্থা। সিনেমার তারকাদের সাফল্য শুধু পর্দায় সীমাবদ্ধ থাকছে না। প্রচার ও ব্যবসায়িক খাতেও অনেকেই বড় জায়গা দখল করছেন।
এ সাফল্যে উচ্ছ্বসিত সামান্থা বলেন, ‘সম্পূর্ণ ভিন্ন দুটি উদ্যোগকে এমন গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছাতে দেখে ভীষণ ভালো লাগছে। “মা ইন্তি বাঙ্গারাম”— এমন একটি সিনেমা, যা আমার হৃদয়ের খুব কাছের।’
তিনি আরও বলেন, ‘অন্যদিকে “সিক্রেট অ্যালকেমিস্ট” হলো— শূন্য থেকে একটি প্রতিষ্ঠান গড়ে তোলার যাত্রা, যেখানে এমন একটি দলের সঙ্গে কাজ করেছি, যারা এ উদ্যোগের লক্ষ্য ও ভাবনার প্রতি গভীরভাবে বিশ্বাসী।’
অভিনেত্রী বলেন, ‘মানুষের এই ভালোবাসা, আস্থা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। এ সাফল্যই আমাকে নতুন সীমা অতিক্রম করতে এবং মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার মতো কাজ করতে অনুপ্রাণিত করে।’
সামান্থা একাধিক ব্যবসার সঙ্গে জড়িত। ‘সিক্রেট অ্যালকেমিস্ট’ পারফিউম ব্র্যান্ডটি তিনি অঙ্কিতা থাডানি ও আকাশ ভালির সঙ্গে মিলে প্রতিষ্ঠা করেছেন। এ ছাড়া তিনি ভারতীয় নারীদের জন্য সমসাময়িক ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ডের সহপ্রতিষ্ঠাতা। হর্ষিতা মোতাপার্থী ও প্রবিষ্টা নাদেল্লার সঙ্গে প্রতিষ্ঠিত ভারতীয় অ্যাকটিভওয়্যার ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘মাইল কালেক্টিভ’-এর সঙ্গেও যুক্ত আছেন তিনি। পাশাপাশি পুষ্টিবিষয়ক সাপ্লিমেন্ট ব্র্যান্ড ‘গাটাকা’রও সহপ্রতিষ্ঠাতা সামান্থা।
সূত্র: বলিউড হাঙ্গামা, নিউজ কর্ণাটক
মন্তব্য করুন