মোঃ নাজমুল হুদা

প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ০৫:১০ পিএম

অনলাইন সংস্করণ

সামরিক শক্তিতে স্থায়ী শান্তি আসে না: ইসরাইলকে সতর্কবার্তা ওবামার

সামরিক শক্তির দাপট দেখিয়ে কখনোই স্থায়ী শান্তি পাওয়া যায় না, ইসরাইলকে এই সতর্কবার্তাই দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর মতে, ফিলিস্তিনিদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ এবং তাঁদের ভিটেমাটি কেড়ে নেওয়ার কারণে ইসরাইল নিজের নৈতিক অবস্থান হারিয়ে ফেলেছে।

সম্প্রতি উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি নিতে গিয়েছিলেন ওবামা। সেখানকার এক অনুষ্ঠানে প্রখ্যাত সাংবাদিক সুসান ম্যাককের সঙ্গে আলোচনার সময় তিনি গাজা যুদ্ধ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ওবামা বলেন, গাজার এই ধ্বংসযজ্ঞ ও রক্তপাত যেকোনো মানুষের মনকেই ব্যথিত করবে। বছরের পর বছর ধরে জমতে থাকা ক্ষোভের কারণেই আজ এ অবস্থা তৈরি হয়েছে।

ইউরোপে ইহুদিরা যে নিপীড়নের শিকার হয়েছিল, তা মেনে নিয়েই ওবামা মনে করিয়ে দেন, নিজেদের জমি হারিয়ে ফিলিস্তিনিরাও কম অন্যায়ের শিকার হননি। তাঁর ভাষ্য, ইসরাইল সাধারণ মানুষের জমি দখল করেছে এবং শক্তির অপব্যবহার করেছে। তাই হারানো জমি ফিরে পেতে ফিলিস্তিনিদের লড়াই করাটা একেবারেই স্বাভাবিক।

ওবামা আরও বলেন, প্রযুক্তিতে এগিয়ে থাকা কিংবা সামরিক শক্তিতে বলীয়ান হওয়াই শেষ কথা নয়। ‘আমরা শক্তিশালী তাই যা খুশি তা-ই করব, কাউকে ছাড় দেব না’—ইসরাইল সরকারের এমন চিন্তাভাবনা সাময়িক লাভ দিলেও দীর্ঘমেয়াদে তাদের নৈতিক অবস্থান ধ্বংস করে দিচ্ছে।

বর্তমান ইসরাইলি সরকারকে বাস্তবমুখী হওয়ার পরামর্শ দিয়ে ওবামা স্পষ্ট জানান, প্রায় ৭০ লাখ ফিলিস্তিনি এই ভূখণ্ড ছেড়ে কোথাও যাবেন না। নিজেরা যা মেনে নেওয়া অসম্ভব, তা ফিলিস্তিনিদের ওপর জোর করে চাপিয়ে দিয়ে কখনোই শান্তি আনা সম্ভব নয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

মন্তব্য করুন