মোঃ নাজমুল হুদা

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৯:৪৫ এ এম

অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনার অভিযোগে ১৯ বছরের তরুণ গ্রেফতার

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো-সংলগ্ন অরোরা এলাকার একটি হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনার অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত-সংশ্লিষ্টদের বরাত দিয়ে জানা গেছে, প্যালাটাইনের বাসিন্দা আলেকজান্দ্রোস পাপোরাকিসের কাছ থেকে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী আদর্শ ও ভারতীয় বংশোদ্ভূতদের ওপর সহিংসতার উসকানিমূলক তথ্যসংবলিত একটি ইশতেহার উদ্ধার করা হয়। এরপরই পুলিশ তাঁকে গ্রেফতার করে।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরুর ঠিক আগে এ গ্রেফতারের ঘটনা ঘটল। এর মাত্র দুই সপ্তাহ আগে ওহাইও অঙ্গরাজ্যের রিচমন্ড হাইটসের শ্রী স্বামীনারায়ণ ভদ্রল ধাম হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছিল।

গত বুধবার রোলিং মেডোজের কুক কাউন্টি থার্ড মিউনিসিয়ালের ডিস্ট্রিক্ট কোর্টহাউসে পাপোরাকিসকে হাজির করা হয়। বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ৩০ অক্টোবর।

পাপোরাকিস প্যালাটাইনের একটি ‘টাকো বেল’ রেস্তোরাঁর ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন। বড় ধরনের হামলার পরিকল্পনা করছেন, এমন তথ্য অন্য এক ব্যক্তি পুলিশকে জানানোর পর তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তকারীদের মতে, পাপোরাকিস ওই ব্যক্তির কাছে একটি নথি পাঠিয়েছিলেন। সেখানে বড় ধরনের হামলার পরিকল্পনা এবং একটি রাইফেল, রাইফেলের ম্যাগজিন, বডি আর্মারসহ বিভিন্ন কৌশলগত বা ট্যাকটিক্যাল সরঞ্জামের ছবি ছিল।

পুলিশ জানায়, ‘তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দাদের ধারণা, গত ১১ অক্টোবর অরোরা এলাকার একটি হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা করেছিলেন পাপোরাকিস।’

তদন্তকারীরা জানান, পাপোরাকিস রেস্তোরাঁর সহকর্মীদের আগেই বলেছিলেন, রোববার একটি ‘বিশেষ দিন’। ঘটনার দিন সকালে তিনি এক সহকর্মীকে ফোন করে জানান, তাঁর বন্দুকের যন্ত্রাংশ আটকে গেছে এবং কাউকে সুযোগ না দিয়ে তিনি খুব দ্রুত সেখান থেকে চলে এসেছেন।

প্যালাটাইনের পুলিশ প্রধান উইলিয়াম নর্ড বলেন, ‘এই হুমকির ভয়াবহতা কোনোভাবেই খাটো করে দেখার অবকাশ নেই।’ তিনি আরও জানান, উপাসনালয়ের সুরক্ষা দেওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যতম প্রধান অগ্রাধিকার।

প্যালাটাইন ও মাউন্ট প্রস্পেক্ট পুলিশের যৌথ তৎপরতায় গত ১১ অক্টোবর সন্ধ্যায় নিজের বাসা থেকে বের হওয়ার সময় পাপোরাকিসকে আটক করা হয়। পরে প্যালাটাইন পুলিশের গোয়েন্দারা তাঁর বাসায় তল্লাশি চালিয়ে একটি রাইফেল, কয়েকটি ম্যাগজিন, শত শত রাউন্ড গুলি, ট্যাকটিক্যাল সরঞ্জাম ও মামলার সঙ্গে সম্পর্কিত অন্যান্য আলামত উদ্ধার করেন। এ ছাড়া একটি ট্যাকটিক্যাল ভেস্টে বডি আর্মার এবং শ্বেতাঙ্গ উগ্রবাদের প্রতীকসংবলিত একটি লোগোও পাওয়া যায়।

সূত্র: শিকাগো সান-টাইমস

মন্তব্য করুন