প্রকাশিত: ৭ মে, ২০২৬, ০৫:১০ এ এম
অনলাইন সংস্করণ
ব্যবসা পরিচালনার খরচ কমাতে দেশের প্রধান সমুদ্রবন্দরগুলোর কার্যকারিতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রেক্ষাপটে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাণিজ্য মন্ত্রণালয় ও বিজিএমইএ-এর যৌথ আয়োজনে সার্কুলার অর্থনীতি বিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সার্কুলার অর্থনীতিতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে। তাদের মতে, এ ধরনের উদ্যোগ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে সহায়ক হতে পারে।
বাণিজ্যমন্ত্রী বলেন, সার্কুলার অর্থনীতি এখন আর শুধু পরিবেশগত আলোচনার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি দেশের শিল্পখাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো, টেকসই প্রবৃদ্ধি অর্জন এবং বৈশ্বিক বাজারে অবস্থান শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে টেকসই উৎপাদন এখন বড় একটি নির্ধারক। ক্রেতা, বিনিয়োগকারী ও ভোক্তারা ক্রমেই এমন উৎপাদন ব্যবস্থার দিকে ঝুঁকছেন, যেখানে দক্ষতা, দায়বদ্ধতা এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত হয়।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘সুইচ টু সার্কুলার ইকোনমি’ কর্মসূচির আওতায় পরিচালিত পাইলট কার্যক্রম এরই মধ্যে প্রমাণ করেছে যে সার্কুলার অর্থনীতিতে রূপান্তর কোনো কল্পনাপ্রসূত ধারণা নয়; এটি বাস্তবসম্মত, অর্জনযোগ্য এবং এর বাস্তবায়ন এরই মধ্যে শুরু হয়েছে।
সেমিনারে অংশ নেওয়া উদ্যোক্তারা জানান, বৈশ্বিক বাজারে টিকে থাকতে টেকসই বর্জ্য ব্যবস্থাপনার বিকল্প নেই। দেশে তৈরি পোশাক খাত থেকে প্রতিবছর প্রায় ৬ লাখ টন টেক্সটাইল বর্জ্য তৈরি হলেও এর মাত্র ৫ শতাংশ পুনর্ব্যবহার করা সম্ভব হচ্ছে।
এই বর্জ্য প্রক্রিয়াকরণে সীমাবদ্ধতা শিল্প ও পরিবেশ দুই ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব ফেলছে বলে মত দেন তারা। এ অবস্থায় কাঁচামালের অপচয় কমানো এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর জোর দেন উদ্যোক্তারা।
সেমিনারে ইইউ’র রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, এলডিসি উত্তরণের পর বাংলাদেশ স্বল্প সুদের ঋণ সুবিধা এবং বিশেষ বাজার সুবিধা হারাবে।
এমন বাস্তবতায় প্রতিযোগিতা ধরে রাখতে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার পাশাপাশি লজিস্টিক খরচ কমাতে চট্টগ্রাম বন্দর-এর সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বাণিজ্যমন্ত্রী।
মন্তব্য করুন