প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
মুন্সিগঞ্জে টহল পুলিশের গুলিতে আহত তরুণ শাহাদাত হোসেন শ্যামলকে এক মাসের মধ্যে ২ লাখ টাকা অন্তর্বর্তী ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে কেন তাকে ৫ কোটি টাকা চূড়ান্ত ক্ষতিপূরণ দেওয়া হবে না—তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন আদালত।
বুধবার (১৭ জুন) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে আদালত এই সিদ্ধান্ত দেন।
আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৩০ দিনের মধ্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে শ্যামলের জন্য নির্ধারিত ২ লাখ টাকা পরিশোধ করতে হবে।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মো. শাহিনুজ্জামান।
মামলার তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ১৪ মার্চ মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কামারকান্দা এলাকায় একটি পুলিশ চেকপোস্টে টহল পুলিশের গুলিতে আহত হন শ্যামল। অভিযোগ রয়েছে, মোটরসাইকেলে করে যাওয়ার সময় পুলিশ থামার সংকেত দিলে তারা থামেন, কিন্তু এরপরও এক পুলিশ সদস্য শ্যামলের পায়ে গুলি করেন।
ঘটনার পরদিন পুলিশ উল্টো শ্যামল ও তার বন্ধুদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, পুলিশের সংকেত অমান্য এবং বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর অভিযোগে মামলা দায়ের করে।
এ ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে করা রিটের শুনানিতে আদালত অন্তর্বর্তী ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা চেয়ে রুল জারি করেছেন।
মন্তব্য করুন