স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ১২:০৭ পিএম

অনলাইন সংস্করণ

২০২৬ বিশ্বকাপে বৈশ্বিক অর্থনীতিতে যুক্ত হতে পারে ৪১ বিলিয়ন ডলার

ছবি: সংগৃহীত

২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে যাচ্ছে। সুইজারল্যান্ডভিত্তিক ব্যাংক ইউবিএসের এক গবেষণায় বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া আয়োজন বিশ্ব অর্থনীতিতে প্রায় ৪১ বিলিয়ন ডলার যুক্ত করতে পারে।

যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য এবারের বিশ্বকাপের ম্যাচগুলো হবে তিন দেশের ১৬টি শহরে। আয়োজক দেশগুলো ইতোমধ্যে পর্যটন, হোটেল, পরিবহন, খুচরা বিক্রয়, সম্প্রচার এবং প্রযুক্তি খাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে, যা সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে ত্বরান্বিত করছে।

ধারণা করা হচ্ছে, বিশ্বজুড়ে প্রায় ৬০০ কোটি মানুষ এই টুর্নামেন্ট অনুসরণ করবে এবং প্রায় ৬৫ লাখ দর্শক সরাসরি স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করবেন। ফলে আয়োজক দেশগুলোতে পর্যটন ও সংশ্লিষ্ট খাতে ব্যাপক প্রবৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে।

ইউবিএসের গবেষণা অনুযায়ী, টুর্নামেন্ট চলাকালে বিশ্ব অর্থনীতিতে প্রায় ৪১ বিলিয়ন ডলারের অর্থনৈতিক কার্যক্রম যুক্ত হতে পারে। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই প্রায় ১ হাজার ৭২ কোটি ডলারের সমপরিমাণ অবদান আসতে পারে এবং সৃষ্টি হতে পারে প্রায় ১০ লাখ নতুন কর্মসংস্থান।

বিশ্লেষকদের মতে, বিশ্বকাপের আয় এখন আর শুধু টিকিট বিক্রি বা স্পন্সরশিপে সীমাবদ্ধ নয়; ডিজিটাল কনটেন্ট, ডেটা অ্যানালিটিক্স এবং প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে নতুন আয়ের উৎস তৈরি হচ্ছে। বৈশ্বিক বাণিজ্যিক অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ২০২৬ বিশ্বকাপ আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ ও ভোক্তা ব্যয় বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে।

মন্তব্য করুন