নাজমুল হুদা

প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৪:২৯ পিএম

অনলাইন সংস্করণ

শিশু আয়াত হত্যা মামলা

শিশু আয়াত হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদণ্ডের রায়

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণ ও নির্মমভাবে হত্যা করে লাশ খণ্ডবিখণ্ড করার ঘটনায় প্রধান আসামি আবীর আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুরে চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, এ মামলায় ৩৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে গত শনিবার যুক্তিতর্ক শুনানি সম্পন্ন হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন, আলামত উদ্ধার এবং সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে।

রায়ে আদালত ঘটনাটিকে পূর্বপরিকল্পিত, নিষ্ঠুর ও সমাজে আতঙ্ক সৃষ্টিকারী অপরাধ হিসেবে উল্লেখ করেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ১৫ নভেম্বর চট্টগ্রাম নগরের ইপিজেড থানার বন্দরটিলা এলাকা থেকে নিখোঁজ হয় সোহেল রানার মেয়ে আলিনা ইসলাম আয়াত। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হলে পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শুরু করে।

তদন্তে বেরিয়ে আসে, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে বাসার ভাড়াটিয়া আবীর আয়াতকে অপহরণ করে। পরিকল্পনা ব্যর্থ হলে তাকে হত্যা করা হয়। পরে লাশ টুকরো করে সাগরপাড় ও খালের পাশে ফেলে দেওয়া হয়।

ঘটনার ১০ দিন পর আসামি আবীরকে গ্রেপ্তার করা হয়। আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি হত্যার দায় স্বীকার করেন।

২০২৩ সালের ১০ অক্টোবর তদন্ত শেষে পিবিআই আদালতে অভিযোগপত্র জমা দেয়। এতে আবীর আলীর পাশাপাশি তার এক অপ্রাপ্তবয়স্ক সহযোগীকেও আসামি করা হয়। কিশোর হওয়ায় তার বিচার শিশু আদালতে আলাদাভাবে চলমান রয়েছে।

মন্তব্য করুন