তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১০:৩১ এ এম

অনলাইন সংস্করণ

বিয়ের পর মহৎ উদ্যোগ: বাবার গ্রামে ১৮০ শিক্ষার্থীকে বৃত্তি দিলেন বিজয়-রাশমিকা

উদয়পুরের রাজকীয় বিয়ের রেশ কাটতে না কাটতেই জীবনের এক নতুন এবং মহৎ অধ্যায় শুরু করলেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা এবং রাশমিকা মান্দানা। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিয়ের পিঁড়িতে বসার পর, এবার তেলেঙ্গানার গ্রামীণ শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এক অনন্য মানবিক উদ্যোগ নিয়েছেন এই নবদম্পতি।

সম্প্রতি বিজয়ের বাবার জন্মস্থান তেলেঙ্গানার আচামপেট মণ্ডলের প্রত্যন্ত ‘ঘুম্মানপেটা’ গ্রামে সশরীরে হাজির হয়ে মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন তাঁরা।

‘দ্য দেবেরাকোন্ডা ফাউন্ডেশন’-এর বৃত্তি ও বিজয়ের বার্তা

নিজের কেরিয়ারে ভক্তদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থনের প্রতিদান দিতেই এই প্রত্যন্ত গ্রামের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিজয়-রাশমিকা। ‘দ্য দেবেরাকোন্ডা ফাউন্ডেশন’-এর মাধ্যমে ওই গ্রামের নবম ও দশম শ্রেণীর ১৮০ জন কঠোর পরিশ্রমী ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। এ লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নির্বাচিত শিক্ষার্থীদের একটি তালিকাও প্রকাশ করেছেন বিজয়।

“আমরা ঘুম্মানপেটা যাচ্ছি, এটি একটি ছোট গ্রাম যেখানে আমার বাবার জন্ম হয়েছিল। গত ফেব্রুয়ারিতে রাশমিকা এবং আমি ঘোষণা করেছিলাম যে, আমরা একটি ছোট স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। আমরা হয়তো একটি ছোট বৃত্তি দিতে যাচ্ছি, কিন্তু এটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদের জীবনের অংশ হতে চাই। নিজের গ্রাম থেকে শুরু করে ধীরে ধীরে এই আন্দোলনকে আমি আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই—এটাই আমার স্বপ্ন।”

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। বিয়ের পর প্রথমবারের মতো নতুন এক পরিচয়ে সবার সামনে এসে তিনি নিজের ভালো লাগার কথা জানান।

  • “আমি আমার কথা রাখব। আজ আমরা ‘দ্য দেবেরাকোন্ডা ফাউন্ডেশন’-এর মাধ্যমে একটি ইতিবাচক সূচনা করছি।”

  • “আমরা আমার শ্বশুরমশাইয়ের গ্রাম থেকেই এই যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।”

  • “আজ আমি আপনাদের সামনে রাশমিকা মান্দানা দেবেরাকোন্ডা হিসেবে দাঁড়িয়েছি। আমি সত্যিই ভীষণ উচ্ছ্বসিত।”

বাস্তব জীবনের এই সফল রসায়নের পাশাপাশি খুব শিগগিরই রূপালি পর্দায়ও আবার একসাথে ফিরছেন বিজয় ও রাশমিকা। ‘রানাবলি’ নামের একটি নতুন চলচ্চিত্রে প্রধান চরিত্রে জুটি বাঁধবেন তাঁরা। এর আগে ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ এবং ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় একসাথে অভিনয় করে বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিলেন এই জুটি। বাস্তব জীবনে বিয়ের পিঁড়িতে বসার পর পর্দায় তাঁদের নতুন কেমিস্ট্রি দেখতে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা।

মন্তব্য করুন