বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ০৫:১৩ পিএম

অনলাইন সংস্করণ

টেইলর সুইফটের বিয়ের ইঙ্গিত দিলেন নিউইয়র্কের মেয়র, জল্পনায় নতুন মাত্রা

ছবি: সংগৃহীত

বিশ্বসংগীত তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসির বিয়ে নিয়ে চলমান জল্পনায় নতুন মাত্রা যোগ করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি হঠাৎই সুইফটের বিয়ের প্রসঙ্গ তুলে ধরায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শহরের বিভিন্ন বড় আয়োজনের প্রসঙ্গ তুলে ধরছিলেন মেয়র। এ সময় তিনি বলেন, এনবিএ খেলা, স্বাধীনতা দিবস উদ্‌যাপনের পাশাপাশি একই সময়ে টেইলর সুইফটের বিয়েও অনুষ্ঠিত হবে।

মেয়রের এই মন্তব্য দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করে। কারণ, এখন পর্যন্ত সুইফট বা কেলসি কেউই তাঁদের বিয়ের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি। এতে অনেকেই প্রশ্ন তুলেছেন, মেয়র কি অনিচ্ছাকৃতভাবে কোনো গোপন তথ্য প্রকাশ করে ফেলেছেন।

পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, তিনি বিয়েতে আমন্ত্রিত নন এবং সেখানে যাওয়ার পরিকল্পনাও নেই। তবে তিনি এই তারকা জুটির জন্য শুভকামনা জানান। মজার ছলে তিনি সুইফটের জনপ্রিয় গান ‘অনলি দ্য ইয়ং’-এর কথাও উল্লেখ করেন।

মার্কিন গণমাধ্যমগুলোর একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী জুলাইয়ের শুরুতে, বিশেষ করে ৩ জুলাইয়ের সপ্তাহান্তে বিয়ের পরিকল্পনা থাকতে পারে। এমনকি নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনকে সম্ভাব্য ভেন্যু হিসেবেও উল্লেখ করা হচ্ছে। আমন্ত্রিত অতিথিদের জন্য গোপনীয়তা চুক্তি স্বাক্ষরের কথাও শোনা যাচ্ছে।

সম্ভাব্য অতিথি তালিকায় সংগীত ও হলিউডের বেশ কয়েকজন পরিচিত তারকার নামও ঘুরে বেড়াচ্ছে। ২০২৩ সালে সম্পর্ক প্রকাশ্যে আনার পর থেকে সুইফট ও কেলসি বিশ্বের অন্যতম আলোচিত তারকা জুটিতে পরিণত হন। ২০২৫ সালে বাগ্‌দানের পর তাঁদের সম্পর্ক নতুন পর্যায়ে পৌঁছায়।

এদিকে, বিয়ের গুঞ্জনের মধ্যেই নিউইয়র্কে একসঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে এই যুগলকে। বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতি ও ব্যক্তিগত মুহূর্তও নিয়মিত ধরা পড়ছে গণমাধ্যমে।

তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় বিয়ের বিষয়টি অনিশ্চিতই রয়ে গেছে। মেয়রের মন্তব্যের পর ভক্তদের অপেক্ষা আরও বেড়েছে—জুলাইয়ের শুরুতেই কি সত্যিই বসতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই তারকাবিয়ের আসর।

মন্তব্য করুন