প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ১১:৫২ এ এম
অনলাইন সংস্করণ
খুলনা নগরের একটি মসজিদে ফজরের নামাজের সময় ঢুকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
রোববার (ভোর সাড়ে ৫টা) নগরের দৌলতপুর এলাকার পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর পুলিশের সহকারী কমিশনার মো. আব্দুর রাজ্জাক।
গুলিবিদ্ধরা হলেন—মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) এবং একই এলাকার বাসিন্দা আলম মণ্ডল (৫৫)। তারা দুজনই নামাজ আদায় করছিলেন।
পুলিশ জানায়, নামাজ চলাকালে কয়েকজন সশস্ত্র ব্যক্তি মসজিদে প্রবেশ করে লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার মাথায় গুলি লাগে। এ সময় পাশে থাকা আলম মণ্ডলও গুলিবিদ্ধ হন; তার মাথা, গলার বাম পাশ এবং ডান হাতে গুলি লাগে।
পরে আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর লোকমান হাকিমের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
এদিকে, খুলনা নগরে সাম্প্রতিক সময়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবার দমনে বিশেষ অভিযান চলমান রয়েছে। এর মধ্যেই মসজিদের ভেতরে প্রকাশ্যে গুলির ঘটনায় নগরবাসীর মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত খুলনা নগরে ১৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর থেকে সংঘটিত ৩৪টি হত্যাকাণ্ডের পেছনে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
গোয়েন্দা সূত্র বলছে, নগরের অধিকাংশ অপরাধের পেছনে নয়টি সক্রিয় সন্ত্রাসী গ্রুপ জড়িত। অস্ত্র ও মাদক কারবারের নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, গোষ্ঠীগত দ্বন্দ্ব এবং রাজনৈতিক বিরোধকে এসব সহিংস ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মন্তব্য করুন