সংসদে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিল পাস
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৮:০৭ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার
প্রযুক্তি শিক্ষার মান বাড়াতে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল জাতীয় সংসদে পাস হয়েছে।
৯ সেপ্টেম্বর বুধবার দুপুর ১টার দিকে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
উচ্চ শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে স্নাতক এবং স্নাতকাত্তর পর্যায়ে শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ এবং সম্প্রসারণ কার্যক্রমের অগ্রগতিকল্পে এবং এ বিশ্ববিদ্যালয়ের বিজনেস ইনকিউবেটর- এর মাধ্যমে দেশে ও বিদেশে তথ্যপ্রযুক্তি খাতে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান সম্প্রসারণ করেঅর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে দেশকে উন্নত দেশে রূপান্তর করার লক্ষ্যে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা অতি প্রয়োজনীয় ও যুক্তিযুক্ত।গত বছরে ১৯ আগস্ট চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের খসড়া মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন পেয়েছিল। আন্তঃমন্ত্রণালয় সভা ও আইন মন্ত্রণালয় হয়ে আবার আনা হলে গত বছরের ২৩ ডিসেম্বর ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০১৯’ এর খসড়া মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেয়া হয়।
খসড়া আইনে ৫৪টি ধারা রয়েছে। সংক্ষিপ্ত শিরোনাম, প্রবর্তন, সংজ্ঞা ছাড়াও আচার্য, উপাচার্যের দায়িত্ব কর্তব্য, ট্রেজারার, সিন্ডিকেট, অ্যাকাডেমিক কাউন্সিল এবং অর্থ কমিটি সম্পর্কিত বিধান আছে সে আইনে। এই আইনের আলোকে ১৪টি অনুচ্ছেদ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির খসড়া আইনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।
