শ্রীপুরে স্কুলশিক্ষককে হত্যার প্রধান আসামী ইমরান গ্রেফতার
আরিফ চৌধুরী (গাজীপুর)ঃ
প্রকাশিত : ০১:০৫ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার
গাজীপুরের শ্রীপুরে স্কুলশিক্ষক রাসেল রানা হত্যাকাণ্ডের তৃতীয় দিনে এ ঘটনার প্রধান আসামী ইমরান হোসেন (২৩)-কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে ময়মনসিংহের ভালুকার জামিরদিয়া এলাকায় অভিযান চালিয়ে ইমরানকে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমরান হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করেছে বলে নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন।
গ্রেফতার ইমরান মণ্ডল উপজেলার দক্ষিণ বারতোপা গ্রামের আবু বকর মণ্ডলের ছেলে।
গ্রেফতার ইমরানের প্রাথমিক স্বীকারোক্তির বরাত দিয়ে শ্রীপুর থানা পুলিশ জানায়, বিয়ে করার পর থেকে ইমরান সমস্ত নেশা ছেড়ে দিলেও রাসেল প্রায় সময়ই তাকে মাদক নিয়ে নানা কথাবার্তা বলে আসছিল। এ কারণে আক্রোশ তৈরি হলে রাসেলকে হত্যার পরিকল্পনা করে সে।
গত শনিবার সন্ধ্যার পর ইমরান নিজেই রাসেলকে তার বাড়ির সামনে থেকে ‘মিটিং আছে ’ বলে মোটর সাইকেলে তুলে নিয়ে যায় বিলাইঘাটা এলাকার এক নির্জন জায়গায়। সেখানে রাসেলকে চড় থাপ্পর দিতে থাকে ইমরান। পরে তার সঙ্গে থাকা বেশ কয়েকজন সহযোগীরাও রাসেলের উপর নির্যাতন চালায়। এক পর্যায়ে মাথায় আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে লবণদাহ খালের পাড়ে ফেলে রেখে চলে যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে শিক্ষক রাসেল হত্যা মামলার প্রধান আসামি ইমরানকে মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে গ্রেপ্তার করা হয়। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্য আসামীদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, মাদকের বিরুদ্ধে পুলিশকে তথ্য দেয়ার সন্দেহে গত শনিবার সন্ধ্যায় রাসেল রানাকে তুলে নিয়ে গিয়েছিলেন ইমরানসহ তার সঙ্গীরা। পরদিন সকালে উপজেলার দক্ষিণ বারোতোপা গ্রামের লবলং (বিলাইঘাটা) পাড় থেকে রাসেলের লাশ উদ্ধার করে পুলিশ। তার শরীরজুড়ে আঘাতের চিহ্ন ছিল।
রাসেল রানা (২৪) শ্রীপুরের সিংদীঘী গ্রামের সুজন আলীর ছেলে। তিনি পাশের বারোতোপা গ্রামের শিশুকানন বিদ্যানিকেতনের শিক্ষক ছিলেন।
