আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি ১০ সেপ্টেম্বর থেকে
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত : ০৮:০৯ পিএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার
ঢাকা বিমানবন্দর-জয়দেবপুর-নরসিংদী স্টেশনে সকল আন্তঃনগর, কমিউটার, মেইল ট্রেনের এবং ভৈরব বাজার স্টেশনে শুধুমাত্র কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি আগামী ১০ সেপ্টেম্বর থেকে দেওয়া হবে ও যাত্রী উঠতে পারবে।
একইসঙ্গে এই সকল স্টেশনের সংশ্লিষ্ট ট্রেনের সমন্বয়কৃত কোটার টিকিট বিমানবন্দর-জয়দেবপুর-নরসিংদী-ভৈরব বাজার স্টেশন হতে ক্রয় করতে পারবেন যাত্রীরা।
মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ রেলওয়ে উপ-পরিচালক ট্রাফিক ট্রান্সপোর্টেশন মো. খায়রুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়।
তাছাড়া, আগামী ৫ সেপ্টেম্বর থেকে যাত্রার দিনসহ ১০ দিন পূর্বে আন্তঃনগর ট্রেনসমূহের অগ্রিম টিকিট ইস্যু করা যাবে; যা আগে ছিলো ৫ দিন।
একই সঙ্গে রাত্রিকালীন উচ্চশ্রেণির যাত্রীদের জন্য ট্রেনের ভেতর চাদর-কম্বল এবং বালিশ সরবরাহ করা হবে। যা আগে বন্ধ ছিলো। এই লক্ষ্যে বিদ্যমান বেডিং চার্জ টিকিটের মূল্যের সঙ্গে যোগ করা হবে।
তাছাড়া, বিদ্যমান স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে চা-কফি, বোতলজাত পানি, প্যাকেটজাত খাবার (চিপস-বিস্কুট) ইত্যাদি সরবরাহ করা যাবে বলে জানানো হয়।
উল্লেখ, ঢাকা বিমানবন্দর-জয়দেবপুর-নরসিংদী ও ভৈরব বাজার স্টেশনে বর্তমানে কোনো ট্রেন যাত্রাবিরতি দেয় না।
