প্রবীণ আ`লীগ নেতা আবুল কাশেম ভূঁইয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
মোঃ মিজানুর রহমান
প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যুদ্ধকালীন বৃহত্তর কুমিল্লা জেলা(কুমিল্লা- চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া) ছাত্রলীগের সাবেক সভাপতি , মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আহবায়ক ও কুমিল্লা জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রী মরহুম আবুল কাশেম ভূঁইয়ার পবিত্র আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার, পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ভূঁইয়া আজ সকাল সাতটায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। এবং তিনি স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
এছাড়া তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এমপি, স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি, কুমিল্লা জেলা আওয়ামী লীগের সভাপতি অর্থ মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল (লোটাস) এমপি ও সাধারণ সম্পাদক সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত সহকারী আবদুল মান্নান সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেত্রী বৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
