জমে ওঠেনি এখনও খুলনার পশুর হাট
বি এম রাকিব হাসান
প্রকাশিত : ০৫:৫৭ পিএম, ২৬ জুলাই ২০২০ রোববার
ঈদুল আজহা দরজায় কড়া নাড়লেও এখনো জমে ওঠেনি খুলনার অস্থায়ী পশুর হাট। পর্যাপ্ত কোরবানির পশু থাকলেও হাটে এখনও ক্রেতা কম। এবার অনলাইনে পশু কেনাবেচা বাড়ায় ক্রেতা কিছুটা কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে ব্যবসায়ীরা বলছেন, মূলত প্রতিবছরই ঈদের দুই-তিনদিন আগে পশুর হাটগুলো জমে ওঠে। এবারও তেমনটা হবে বলে তারা আশাবাদী।
তথ্যমতে, আগামী ১ আগস্ট বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। সেই অনুযায়ী ঈদের আর কয়েক দিন বাকি। ঈদ ঘনিয়ে এলেও বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে কোরবানির পশুর হাট এখনও জমজমাট হয়ে ওঠেনি।
জানা যায়, গতকাল খুলনায় ঐতিহ্যবাহী জোড়াগেট পশুর হাট উদ্বোধন করা হলেও বাজারে তেমন কোন গরু নেই। এছাড়া খুলনার ডুমুরিয়া, খর্নিয়া, আঠারমাইল এলাকায় গরুর বাজার জমেনি।
সরেজমিনে খর্নিয়া হাটে দেখা যায়, হাটের দিন লোকজন গরু বাঁধার খুঁটি বসাচ্ছেন। হাটে অনেক গরু এসেছে কিন্তু সেই অনুযায়ী বিক্রি নেই।
এদিকে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ব্যবস্থাপনায় মহানগরীর একমাত্র কোরবানির পশুর হাট উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় মহানগরীর জোড়াগেট বাজার চত্বরে কোরবানির পশুর এ হাট উদ্বোধন করেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
হাট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. শামসুজ্জামান মিয়া স্বপন বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে জোড়াগেটের এ হাট চলবে ঈদের দিন সকাল ৮টা পর্যন্ত। এটিই খুলনার সবচেয়ে বড় কোরবানির পশুর হাট। ’
তিনি জানান, পশুর হাটে জীবাণুনাশক ৬টি টানেল স্থাপন করা হয়েছে। হাটে শুধু রুজভেল্ট জেটি দিয়ে ক্রেতা-বিক্রেতা ও পশু প্রবেশ করবে এবং বিক্রিত পশু ও মানুষ প্রধান গেট দিয়ে বের হবে। বয়স্ক ও শিশুরা হাটে প্রবেশ করতে পারবে না এবং তিন ফুট দূরত্ব বজায় রেখে গরু বাঁধতে হবে। এছাড়া হাটে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় জাল নোট শনাক্তকরণ, কম্পিউটারাইজড পদ্ধতিতে হাসিল আদায়সহ সব আধুনিক ব্যবস্থাপনা থাকবে।
এছাড়া, সার্বক্ষণিক পশু চিকিৎসা ও হাটে আগতদের চিকিৎসার সুব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাবার হোটেলের ব্যবস্থা, আধুনিক পাবলিক টয়লেট এবং ম্যাজিস্ট্রেট, পুলিশ ও র্যাবের সমন্বয়ে ২৪ ঘণ্টা নিরাপত্তার ব্যবস্থা থাকবে। www.Kcchaat.com ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমেও এবার হাটে পশু বেচাকেনা করা যাবে।
