জামালপুরে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এর ত্রাণ বিতরণ
শারমিন আক্তার,
প্রকাশিত : ০৩:১৯ পিএম, ২৫ জুলাই ২০২০ শনিবার
জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ বলেছেন, তৃতীয় দফার বন্যায় জামালপুর জেলার মানুষের জান ও মালের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যায় কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছেন। বন্যা দুর্গতদের মাঝে সরকারিভাবে ত্রাণ তৎপরতা আরো বৃদ্ধির পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানান। ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলাসহ জামালপুর বাসীকে বন্যার কবল থেকে রক্ষার জন্য তিনি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণেরও দাবি জানান।
তিনি আজ দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলি,কুলকান্দি,সাপধরি,বেলগাছা ও নোয়ারপাড়া ইউনিয়নে বন্যা দুর্গত মানুষের মাঝে জেলা জাতীয় পার্টির ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় তার সাথে ছিলেন, জেলা জাতীয়পাটির সাধারণ সম্পাদক জাকির হোসেন খান ও জেলা যুব সংহতির আহবায়ক আনিসুর রহমান প্রমুখ।
