করোনা উপসর্গ নিয়ে ৬ জেলায় ১৫ জনের মৃত্যু
সুমন হোসেন
প্রকাশিত : ০৯:৫৩ এএম, ১০ জুন ২০২০ বুধবার
নভেল করোনাভাইরাসের(কভিড-১৯) উপসর্গ নিয়ে ৬ জেলায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চাঁদপুরে একদিনেই ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো ৫ জেলায় ৭ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনা পরীক্ষার জন্য মরদেহগুলোর নমুনা নেয়া হয়েছে।
মঙ্গলবার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে চাঁদপুরের কচুয়ার গোহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আবদুল হাই মুন্সী মারা যান। হাজিগঞ্জে দম্পতিসহ ৫ জনের মৃত্যু হয়েছে। আর চাঁদপুর সদরে মারা গেছেন আরো ২ জন।
এদিকে, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন দুইজনের মৃত্যু হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর ও কালীগঞ্জে মৃত্যু হয়েছে আরো ২ জনের। এছাড়া বরিশাল, লক্ষ্মীপুর ও নীলফামারীতে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৩ জন।
২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড ৪৫ জনের মৃত্যু হয়েছে। এর আগে একদিন সবোর্চ্চ ৪২ জনের মৃত্যু হয়েছিল। এই নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৯৭৫ জনে। নতুন করে আরো তিন হাজার ১৭১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছেন ৭১ হাজার ৬৭৫ জন।
