যে কারণে ধসে পড়লো কান্দিরপাড়ের রূপায়ন টাওয়ার!
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত : ০৫:৩০ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৯ শনিবার
কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে শুক্রবার সন্ধ্যায় নির্মাণাধীন রূপায়ন দেলোয়ার টাওয়ার ভেঙে পড়েছে। এতে ১ জন নির্মাণ শ্রমিক নিহত হন, আহত হন অন্তত ১৩ জন শ্রমিক।
কেন এই ভবনটি ভেঙে পড়লো এ বিষয়ে জানতে নির্মাণ শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও অপরিকল্পিতভাবে নির্মাণ কাজ করায় রূপায়ন টাওয়ারের নির্মাণাধীন ছাদের সামনের অংশটি ভেঙে পড়ে। এছাড়া মাটি থেকে ৩০ ফুট উপরে বাঁশও কাঠের সাহায্যে যে ঢালাইয়ের কাজ করা হয়, ফলে বাঁশ কাঠ হেলে পড়ে দুর্ঘটনাটি ঘটে।
শুক্রবার সকাল ৮টা থেকে দেলোয়ার রূপায়ন দেলোয়ার টাওয়ারের কাজ আরম্ভ হয়। কাজ চলার সময় সন্ধ্যা সোয়া ৫টায় তিনতলা ছাদের ঢালাই দেয়ার সময় বিকট শব্দে ভেঙে পড়ে। এ সময় ৯ জন আহত হয় এবং রেজা নামে একজন নির্মাণ শ্রমিক নিহত হয়। নিহত রেজা রংপুরের গঙ্গাছড়া উপজেলার মনভোলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
কুমিল্লা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রাণনাথ সাহা বলেন, ধসে পড়া দালানের মধ্যে থেকে স্থানীয়রা চারজনকে এবং আমরা ফায়ার সার্ভিসের সদস্যরা এসে বাকি পাঁচজনকে উদ্ধার করি। পরে শুনতে পেয়েছি একজন মারা গেছে।
