৯টার স্কুল ১০টাতেও খুলে না!
প্রকাশিত : ০৬:৩৯ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে শিক্ষকরা যথা সময় উপস্থিত হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। সকাল ৯টার মধ্যে বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতি বাধ্যতামূলক করা হলেও সকাল ১০টার পরও অনেক শিক্ষক তাদের কর্মস্থল বিদ্যালয়ে যাচ্ছে না। ফলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ব্যাহত হচ্ছে।
সোমবার হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী পল্লী শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সকাল ৯টা ৩০ মিনিটেও বিদ্যালয়ের তালা খোলা হয়নি। বিদ্যালয়ের বাহিরে কয়েকজন শিক্ষার্থী বই নিয়ে অপেক্ষা করছে।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলার রহমান জানান, তার বিদ্যালয়ে তিনিসহ ৪ জন শিক্ষক কর্মরত আছেন। তার মধ্যে তিনি এসেছেন ৯টা ৪০ মিনিটে আর দুই জন সহকারী শিক্ষিক এসেছেন ৯টা ৩৫ মিনিটে। কিন্তু অপর সহকারী শিক্ষক আনছার আলী সকাল ১০টা পর্যন্ত বিদ্যালয়ে আসেনি।
পার্শ্ববর্তী উত্তর সিঙ্গিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা ৪৫ মিনিটে গিয়ে দেখা যায় একই চিত্র। ৫ জন শিক্ষকের মধ্যে কেউ আসেনি বিদ্যালয়ে তখন পর্যন্ত। এমন কি ওই বিদ্যালয়ের দফতরি কাম প্রহরী রফিকুল ইসলামও আসেনি বিদ্যালয়ে।
শিক্ষার্থীরা নিজেরাই ক্লাস কক্ষের তালা খুলছে। সহকারী শিক্ষক মোহসেনা আক্তার সকাল ৯টা ৫০মিনিটে, আশরাফুলজ্জামান সকাল ১০টা ৯ মিনিটে ও অপর সহকারী শিক্ষক মোরশেদা আক্তার ১০টা ১৪ মিনিটে বিদ্যালয়ে আসলেও প্রধান শিক্ষক মাহফুজা বেগমের দেখা পাওয়া যায়নি বিদ্যালয়ে সকাল সাড়ে ১০টা পর্যন্ত। একাধিক বার ফোনে যোগাযোগ করা হলেও প্রধান শিক্ষক মাহফুজা বেগমের সাথে কথা বলা সম্ভব হয়নি।
ওই দুই বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, আমরা সকাল ৯টার সময় আসলেও স্যার-আপারা সকাল ১০টার আগে ও পরে আসেন।
হাতীবান্ধা উপজেলা শিক্ষা কর্মকর্তা সোলেমান মিয়া বলেন, সকাল ৯টার মধ্যেই শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিত হতেই হবে। কেউ যদি যথা সময় উপস্থিত না হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
হাতীবান্ধা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন বলেন, যথা সময় যে সব শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত হতে পারে নাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষা কর্মকর্তাকে নিদের্শ দেয়া হয়েছে।
