শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ২ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

শেখ হাসিনা অত্যন্ত শক্তিশালী একজন নেতা : জি এম কাদের

প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৯ রোববার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘আপনি অত্যন্ত শক্তিশালী একজন নেতা। বাংলাদেশের ইতিহাসে এত শক্তিশালী নেতৃত্ব ইতিপূর্বে কোনো সময় হয়নি, আমার ধারণা মতে। কাজেই উনি যদি চান অনেক শক্তিশালী সংষ্কারমূলক বিপ্লব সাধন করতে পারেন।’

আজ শনিবার রাজধানীতে জাপার প্রতিষ্ঠাতা চেয়ার‍ম্যান এইচ এম এরশাদের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জনতা লীগ ওই অনুষ্ঠানের আয়োজন করে। 

দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী যে শুদ্ধি অভিযান শুরু করেছেন, তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

জি এম কাদের বলেন, ‘দেশবাসী প্রধানমন্ত্রীর এই কঠোর পদক্ষেপের ধারাবাহিকতা আশা করেন।’ তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ডিক্লেয়ার করেছিলেন, আমরা অপেক্ষা করেছি। এখন উনি এটার ব্যাপারে কিছু কিছু পদক্ষেপ নিচ্ছেন।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে জাপার চেয়ারম্যান বলেন, ‘যে কাজগুলো শুরু করেছেন সেগুলো সঠিকভাবে শেষ করবেন। দেশ ও জাতি দুর্নীতিমুক্ত একটি সমাজ পাবে এটা আমরা আশা করছি।’

আলোচনা সভায় বক্তারা এইচ এম এরশাদের রাজনৈতিক দর্শন ও জীবনের প্রতি আলোকপাত করে বক্তব্য রাখেন। জি এম কাদের বলেন, ‘এরশাদের রাজনৈতিক দর্শন ছিল ক্ষমতায় গিয়ে জনগণের কল্যাণ করা।’ তিনি জানান, তাঁর এই আদর্শ মেনে চলবে জাতীয় পার্টি।