দিনে চাকরিজীবী রাতে রিকশাচালক
অনলাইন ডেস্ক
প্রকাশিত : ০৫:৩১ পিএম, ৩১ আগস্ট ২০১৯ শনিবার
ভর দুপুরে তেজগাঁও এলাকার একটি বেসরকারি বৃহৎ ফার্মাসিউটিক্যালস্ কোম্পানির অফিস কম্পাউন্ডের বাইরে বটগাছ তলায় দাঁড়িয়ে এক স্বপ্নবাজ তরুণের সঙ্গে কথা হচ্ছিল। বয়স খুব হলে একুশ হবে।
ছিপছিপে শারীরিক গড়ন। চোখে চশমা, পরনে জিন্সপ্যান্ট, ধুসর বর্ণের শার্ট ও পাম্প স্যু। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত টানা অফিস ডিউটি করেন তিনি।
নাম তার হাবিবুল্লাহ মির্জা। সিরাজগঞ্জ সদরের এক নম্বর রতনকান্দি ইউনিয়নের নারান্দিয়া গ্রামের দরিদ্র কৃষক হায়দার আলীর দুই ছেলে দুই মেয়ের মধ্যে দ্বিতীয় তিনি।
বিকেল পর্যন্ত হাবিবুল্লাহ চাকরিজীবী থাকলেও সন্ধ্যা ৭টার পর বেশভূষা ও পেশা বদলে যায় তার। অফিসের অদূরে করিমের গ্যারেজ থেকে রিকশা ভাড়া নিয়ে রিকশাচালক পরিচয়ে বেরিয়ে পড়েন রাস্তায়।
তেজগাঁও, মহাখালী, গুলশান, মগবাজার ও কারওয়ান বাজারে রাত ১০টা পর্যন্ত রিকশার প্যাডেলে দ্রুত পা চালিয়ে এই রিকশাচালক যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেন।
