কাভার্ডভ্যানের চাপায় আহত সার্জেন্ট কিবরিয়ার মৃত্যু
তরুণ কন্ঠ ডেস্ক
প্রকাশিত : ০৬:১৩ পিএম, ১৬ জুলাই ২০১৯ মঙ্গলবার
বরিশালে কাভার্ডভ্যানের চাপায় আহত ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়া মারা গেছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গোলাম কিবরিয়া দীর্ঘদিন ধরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত। তার বাড়ি পটুয়াখালীতে।
কিবরিয়ার বন্ধু সাংবাদিক নিয়াজ মাখদুম এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, গত সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট গোলাম কিবরিয়া। এ সময় একটি কাভার্টভ্যান (ঢাকা মেট্রো উ-১২-২০৫৪) ঢাকা থেকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দিকে যাচ্ছিল।
তিনি কাভার্ডভ্যানটিকে সিগন্যাল দিলে চালক তা অমান্য করে চলে যেতে থাকেন। এরপর কিবরিয়া মোটরসাইকেল নিয়ে ক্যাভার্ডভ্যানকে ধাওয়া করে ধরার চেষ্টা করলে সেটি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তার দুই পায়ের ৪টি স্থান ভেঙে যায় এবং মুত্রথলি ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করেন।
কিবরিয়ার অবস্থার অবনতি হলে বিকেল সোয়া ৫টার দিকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে এনে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এর পরপরই তাকে জরুরি বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্ট রাখা হয়। সেখানেই মঙ্গলবার তার মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির এএসআই আবদুল খান জানান, লাশ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এদিকে, খবর পেয়ে গতকালই পার্শ্ববর্তী ঝালকাঠির নলছিটি থানা পুলিশ ধাওয়া করে চালক জলিল সিকদারকে আটক ও কাভার্ডভ্যানটি জব্দ করে। তার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে। পরে রাত সাড়ে ১০টার দিকে বন্দর থানায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক মো. রবিউল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।
