দক্ষিণ এশিয়ায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না বেইজিং
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০৭:০৫ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ রোববার
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ চায় না বেইজিং।
রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য বৈঠক করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “চীন প্রতিটি দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ চায় না চীন।”
নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে কিনা—জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, “এ বিষয়ে আলোচনা হয়েছে। আমরা এ বিষয়ে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের অপেক্ষা করছি।”
প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে যাবেন কিনা—এমন প্রশ্নের উত্তরে চীনা রাষ্ট্রদূত বলেন, “আগে যেরকম চীনে হাই লেভেল ভিজিট হয়েছে। আমরা আশা করি, এবারও চীনে হাই লেভেল ভিজিট হবে।”
চীনা রাষ্ট্রদূতের এই বক্তব্যকে অনেকে বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন মাত্রা হিসেবে দেখছেন। নতুন সরকারের আমলে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার বার্তা দেওয়া হয়েছে। তৃতীয় পক্ষের হস্তক্ষেপ না চাওয়ার কথা বলে চীন বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রকাশ করেছে বলে মনে করা হচ্ছে।
বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। তিস্তা প্রকল্প, অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য বৃদ্ধি এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) অধীনে চলমান প্রকল্পগুলো নিয়েও কথা হয়েছে বলে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকটি অত্যন্ত ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে।
