রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১০ ১৪৩২   ০৫ রমজান ১৪৪৭

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন ১৪ এপ্রিলের আগে হবে

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০৩:৩১ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ রোববার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের জয়ী হওয়া বগুড়া-৬ আসন এবং জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শূন্য হওয়া শেরপুর-৩ আসনে উপনির্বাচন আগামী ১৪ এপ্রিলের আগেই আয়োজনের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২২ ফেব্রুয়ারি) কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

 

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচিত হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে ১৬ ফেব্রুয়ারি তিনি ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্বের সিদ্ধান্ত জানিয়ে কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। ফলে একই দিন থেকে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

 

অন্যদিকে, গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে কিডনি রোগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই আসনের নির্বাচন স্থগিত করে ইসি।

 

 সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পায়। জোটের শরিকদের আরও তিনটি আসন যোগ হলে বিএনপি জোটের আসনসংখ্যা দাঁড়ায় ২১২। অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসন পেয়ে বিরোধী দলে রয়েছে।

 

 গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, কোনো আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। বগুড়া-৬ আসন ১৬ ফেব্রুয়ারি থেকে শূন্য হওয়ায় ১৭ মে পর্যন্ত সময় আছে। শেরপুর-৩ আসনের ক্ষেত্রে মৃত্যুর তারিখ থেকে গণনা করা হয়। ইসি সূত্র জানায়, দুটি আসনেই উপনির্বাচন একসঙ্গে করার পরিকল্পনা রয়েছে। ১৪ এপ্রিলের আগেই ভোটগ্রহণ সম্পন্ন করতে চায় কমিশন।

 

ইসি সচিবালয় সূত্র জানায়, আগামী সপ্তাহে উপনির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করা হবে। তফসিল ঘোষণা, মনোনয়নপত্র দাখিল, বাছাই, প্রত্যাহার ও ভোটের তারিখ নির্ধারণ করা হবে।

এই উপনির্বাচন নতুন সরকার গঠনের পর প্রথম পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। দুটি আসনেই বিএনপি ও জামায়াতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে।