রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১০ ১৪৩২   ০৫ রমজান ১৪৪৭

ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানবেন যেভাবে

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০৩:০৩ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ রোববার

বাঙালির কাছে বিরিয়ানি শুধু খাবার নয়, একরকম আবেগ। উৎসব হোক বা বিশেষ দিন—এক প্লেট গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি যেন মন ভরিয়ে দেয়। রমজান মাসে ইফতারের টেবিলে অনেকেই এই প্রিয় পদটি রাখতে চান। সারাবছর ঘরে কিংবা রেস্টুরেন্টে বিরিয়ানি-তেহারি খেলেও সবার আগ্রহ থাকে রোজার মাসে মসজিদে দেওয়া বিরিয়ানি নিয়ে। প্রতি বছর এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় নানান মজার পোস্ট, মিম।

 

চলতি বছরের রোজার শুরুতেই এই জনপ্রিয়তাকে ভিন্ন মাত্রা দিয়েছেন এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ‘বিরিয়ানি দিবে’ নামের একটি ওয়েবসাইট ও অ্যাপ ডেভেলপ করে সাড়া ফেলেছেন আব্দুল্লাহ আল জুবায়ের প্রিন্স। তিনি রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত।

 

অ্যাপ ও ওয়েবসাইটে যে কেউ লাইভ লোকেশন অ্যাড করতে পারেন। যদি কোনো মসজিদে বা কোনো জায়গায় ইফতারে বিরিয়ানি বিতরণ করা হচ্ছে, তাহলে সেখানকার লোকেশন, সময় ও পরিমাণ জানিয়ে পোস্ট করা যায়। অন্য ব্যবহারকারীরা ম্যাপে দেখতে পাবেন কোথায় আজ কোন মসজিদে বা এলাকায় বিরিয়ানি দেওয়া হচ্ছে। চাইলে সেখানে গিয়ে বিরিয়ানি খাওয়ার সুযোগ পাবেন।

 

জুবায়ের প্রথম আলোকে বলেন, “এটি আসলে একটা ফান প্রজেক্ট। রোজায় মসজিদে বিরিয়ানি দেওয়া হয়—এই খবর অনেকেই পান না। আমি ভাবলাম একটা প্ল্যাটফর্ম থাকলে সবাই জানতে পারবে, চাইলে গিয়ে খেতেও পারবে। লাইভ লোকেশন অ্যাড করা যায় ওয়েবসাইট ও অ্যাপে। যে কেউ চাইলে এখানে ভিজিট করে এই বিরিয়ানি খাওয়ার সুযোগ পেতে পারে।”

 

‘বিরিয়ানি দিবে’ নামটি শুনেই অনেকে হাসছেন, আবার অনেকে বলছেন—এটাই তো দরকার ছিল! ফেসবুক, এক্স ও ইনস্টাগ্রামে ইতিমধ্যে অ্যাপটির লিংক ছড়িয়ে পড়েছে। অনেকে পোস্ট করছেন—আজকের ইফতারে কোন মসজিদে বিরিয়ানি আছে? লিংক শেয়ার করুন।

 

কেউ কেউ মজা করে লিখছেন—‘আমার মসজিদে বিরিয়ানি নেই, কিন্তু অ্যাপে লোকেশন দিয়ে দিলাম, কেউ এলে খাওয়াবো!’ জুবায়ের জানান, অ্যাপটি এখনো খুবই প্রাথমিক পর্যায়ে। তবে রোজার মাসে এটি আরও জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করছেন তিনি। তিনি বলেন, “আমি চাই সবাই মিলে এটাকে আরও সমৃদ্ধ করুক। যে কেউ বিরিয়ানি দেওয়ার প্ল্যান করলে লোকেশন দিয়ে দিক। সবাই মিলে রোজার আনন্দ আরও বাড়িয়ে তুলি।”

 

রমজানের এই ছোট্ট কিন্তু মজার উদ্যোগটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। অনেকে বলছেন—এটাই তো আসল ‘বিরিয়ানি অ্যাপ’!