লালমনিরহাটে দুর্যোগ প্রস্তুতি নিয়ে দুলু মন্ত্রী মতবিনিময় সভা
প্রকাশিত : ১১:৫৬ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ রোববার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি–এর সাথে লালমনিরহাট জেলায় কর্মরত জেলা পর্যায়ের কর্মকর্তাদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোকন উদ্দিন বাবুল এমপি, মাননীয় সংসদ সদস্য, লালমনিরহাট-২ আসন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক।
সভায় জেলার সার্বিক দুর্যোগ প্রস্তুতি, বন্যা ও নদীভাঙন পরিস্থিতি, শীতপ্রবাহ মোকাবিলা, আশ্রয়কেন্দ্রের প্রস্তুতিসহ ত্রাণ কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মন্ত্রী তার বক্তব্যে বলেন, লালমনিরহাট একটি দুর্যোগপ্রবণ জেলা হওয়ায় আগাম প্রস্তুতি এবং সমন্বিত পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংশ্লিষ্ট সকল দপ্তরকে সতর্ক থেকে দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশনা দেন।
তিনি আরও বলেন, দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্তদের মাঝে দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছে দিতে হবে এবং তালিকা প্রণয়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। বিশেষ করে চরাঞ্চল ও নদীভাঙনপ্রবণ এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে রোকন উদ্দিন বাবুল এমপি বলেন, জেলার জনগণের জানমাল রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি। তিনি সরকারি দপ্তরসমূহের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
সভায় পুলিশ সুপার, সিভিল সার্জন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি, সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ দপ্তরের প্রস্তুতি ও করণীয় তুলে ধরেন।
সভা শেষে দুর্যোগ মোকাবিলায় জেলার প্রস্তুতি আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করা হয়।
