শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৯ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ

ওয়াফিক শিপলু

প্রকাশিত : ০৬:৫৫ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে বগুড়ায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শহীদ খোকন পার্কে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়।

দিবসের শুরুতেই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, সাংবাদিক সংগঠনসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে একে একে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শনিবার সকালে জেলা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

একুশের প্রথম প্রহর ঘিরে শহীদ মিনার প্রাঙ্গণে নামে মানুষের ঢল। রাত ১২টা বাজার আগেই ব্যানার ও ফুলের তোড়া হাতে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী এবং সর্বস্তরের মানুষ শহীদ খোকন পার্কে জড়ো হতে থাকেন। শোক ও শ্রদ্ধার আবহে পুরো এলাকা হয়ে ওঠে নীরব কিন্তু অনুভূতিপূর্ণ।

রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসক তৌফিকুর রহমান শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করেন। এ সময় স্থানীয় সরকারের উপ-পরিচালক রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি.এম. ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার শাহাদাত হোসেনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। পর্যায়ক্রমে বগুড়া পৌরসভা, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও পেশাজীবী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের দীর্ঘ সারি শহীদ মিনার এলাকা ছাড়িয়ে প্রধান সড়ক পর্যন্ত বিস্তৃত হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, মাতৃভাষার অধিকার রক্ষায় বাংলার সাহসী সন্তানদের আত্মত্যাগ বিশ্ব ইতিহাসে বিরল। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে পারা আমাদের জন্য গর্বের, এবং এই বীর শহীদরাই জাতিকে গৌরবময় উত্তরাধিকার দিয়ে গেছেন।

শোক, গর্ব ও ভালোবাসার আবহে ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেন বগুড়াবাসী।