শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৯ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক

তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত : ০৪:৪৫ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার

শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনই ছিল মুক্তিযুদ্ধের মূল ভিত্তি। দীর্ঘ ১৭ বছর পর দেশ আজ একটি গণতান্ত্রিক ধারায় ফিরেছে উল্লেখ করে তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড় ও সমতলের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই হবে বর্তমান সরকারের মূল লক্ষ্য।

 

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস একদিনে সৃষ্টি হয়নি। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকেই মূলত মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনার সূচনা হয়েছিল।

 

প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর বক্তব্যে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের স্বপ্ন তুলে ধরেন। তিনি বলেন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড়ি ও সমতলের সব নাগরিক সমান অধিকার ভোগ করবেন—এটাই স্বাধীনতার প্রকৃত চেতনা। শহীদদের আত্মত্যাগের মাধ্যমে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, তার সুফল দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

 

বিগত ১৭ বছরের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে ইশরাক হোসেন বলেন, এই দীর্ঘ সময়ে নির্বাচন ও গণতন্ত্রকে সুকৌশলে ধ্বংস করা হয়েছিল, যা প্রকারান্তরে মহান মুক্তিযুদ্ধকেই ধ্বংস করার শামিল। তিনি অভিযোগ করেন, যারা মুক্তিযুদ্ধের নাম ভাঙ্গিয়ে লুটপাট ও গুম-খুনের রাজত্ব কায়েম করেছিল, তারা আসলে মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে দেশকেই বিক্রি করতে চেয়েছিল।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, "আমরা একটি নির্বাচিত সরকার পেয়েছি। এখন আমাদের প্রধান দায়িত্ব জনগণের প্রত্যাশা পূরণ করা। একেক অঞ্চলের বা একেক শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা ভিন্ন হতে পারে, কিন্তু একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে সবার অধিকার রক্ষা করা আমাদের অগ্রাধিকার।"

 

ইশরাক হোসেন তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দীর্ঘ সময় ধরে রাজপথে লড়াই করেছে। বর্তমান সরকার সেই লড়াইয়ের ফসল এবং শহীদদের আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন ঘটাতে নিরলস কাজ করে যাবে।