শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৯ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত : ১১:৫৯ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জুলাই সনদে ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়েছে বলে এটি অটোমেটিক কার্যকর হবে। পার্লামেন্টে বিল উত্থাপন হলেও ‘হ্যাঁ’-এর আলাদা শপথের প্রয়োজন নেই। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

এ্যানি বলেন, “সংসদ নির্বাচন হয়েছে। সংসদ সদস্যদের শপথ হয়েছে। আমরা শপথ নিয়েছি। হ্যাঁ-না ভোট হয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে। খুব স্বাভাবিক কারণেই পার্লামেন্টে বিলটা রেইজ হবে। ‘হ্যাঁ’-এর শপথের কোনো প্রয়োজন নাই। ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে। এটাই জুলাই সনদ।”

 

তিনি আরও বলেন, “যারা মব করছেন এখান থেকে সরে আসাটাই উচিত। মব মানে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা। মব কালচার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা হতে পারে। সুতরাং মব কালচার থেকে ফিরে এসে সবাইকে দায়-দায়িত্বশীল অবস্থান থেকে কাজ করতে হবে।”

 

এ্যানি বলেন, “সরকার এবং দেশকে সহযোগিতা করার জন্যই কাজ করতে হবে। কেউ যদি এর বাইরে কিছু করতে চান, সেটার দায়-দায়িত্ব তাদের উপরই বর্তাবে।” 

 

তিনি আরও যোগ করেন, “যেখানে ‘না’ ভোট হয়েছে, সেখানে ‘না’ ভোট অনুযায়ী পার্লামেন্টে রেইজ হবে, আলোচনা হবে। যেখানে নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে, সেটা সেখানে নির্ধারিত হবে। এ ব্যাপারে যারা আইনবিদ রয়েছেন, তারা সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। জানা দরকার, সুন্দরভাবে বলা দরকার।”

 

এ্যানি বলেন, “সরকারকে কীভাবে সহযোগিতা করতে পারেন, দেশটাকে কীভাবে আন্তরিকতার মধ্য দিয়ে এগিয়ে নিবেন, সেই বিষয়ে কথা বলা দরকার। মতপথ ভিন্ন থাকতে পারে, সব ইস্যুতে বিরোধীতা করতে হবে, এমন অবস্থান থেকে পিছিয়ে এসে আমার মনে হয় দেশটা গড়ার জন্য সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজে মনোযোগী হওয়া দরকার।”

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ্ মো. এমরান, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

মন্ত্রী হিসেবে লক্ষ্মীপুরে প্রথম কর্মদিবসে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর এ্যানি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, নতুন সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে এবং সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।