শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৯ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে

শিল্প-বাণিজ্য ডেস্ক

প্রকাশিত : ১১:৫৫ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার

ছবি এআই

ছবি এআই

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাব দেশের বাজারেও পড়েছে। টানা দুই দফা দাম কমার পর ফের স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

 

স্বর্ণের সঙ্গে দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও। এবার ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৭০৭ টাকা। শনিবার সকাল ১০টা ১৫ মিনিট থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে—স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

 

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম ৩১ বার সমন্বয় করা হয়েছে। যেখানে দাম ১৯ দফা বাড়ানো হয়েছে এবং ১২ দফা কমানো হয়েছে। বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার কারণে দেশীয় বাজারে এই সমন্বয় এসেছে। ব্যবসায়ীরা বলছেন—আন্তর্জাতিক বাজারের ওঠানামার সঙ্গে দেশীয় দাম সামঞ্জস্য রাখা হয়।