শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৩ রমজান ১৪৪৭

ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০৬:৫১ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

বকেয়া পাওনা পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি। বিশেষ করে কলকাতা থেকে উত্তর-পূর্ব ভারতের গুয়াহাটি বা ইম্ফলগামী বিমানগুলোকে এখন বাংলাদেশের আকাশপথ এড়িয়ে অনেকটা পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।

 

বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের আকাশসীমা ব্যবহারের ফি বাবদ স্পাইসজেটের কাছে বড় অঙ্কের পাওনা রয়েছে। দীর্ঘ সময় ধরে তাগাদা দেওয়া সত্ত্বেও সংস্থাটি সেই বকেয়া মেটাতে কর্ণপাত করেনি। ফলে বাংলাদেশের আকাশপথ স্পাইসজেটের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার ২৪’-এর তথ্যানুযায়ী, বৃহস্পতিবার থেকেই স্পাইসজেটের ফ্লাইটগুলো বাংলাদেশের আকাশসীমা এড়িয়ে দীর্ঘতর রুট ব্যবহার করছে।

 

এদিকে বিষয়টি নিয়ে মুখ খুলেছে স্পাইসজেট কর্তৃপক্ষ। সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং এটি একটি নিয়মিত ব্যবসায়িক প্রক্রিয়া। তাদের দাবি, বিমান পরিষেবা সম্পূর্ণ সচল রয়েছে এবং কোনো ফ্লাইট বাতিল হয়নি। বকেয়া পরিশোধের বিষয়টি গঠনমূলক আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

 

সংস্থাটি তাদের সক্ষমতা বাড়াতে কাজ করছে এবং ২০২৬ সালের মধ্যে দৈনিক ৩০০টির বেশি ফ্লাইট চালানোর লক্ষ্যমাত্রা নিয়েছে বলে জানিয়েছে।

স্পাইসজেটের চিফ বিজনেস অফিসার দেবজো মহর্ষি বলেন, সম্প্রতি আমরা আমাদের সক্ষমতা দ্বিগুণ করেছি, যা ব্যবসার প্রতি ক্রমবর্ধমান আত্মবিশ্বাসের প্রতিফলন। আমরা পরিষেবা আরও উন্নত করতে এবং যাত্রীদের নির্ভরযোগ্যতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

সংবাদটি প্রকাশ্যে আসতেই স্পাইসজেটের শেয়ারের দামে পতন দেখা গেছে শেয়ারবাজারে। বোম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) গতকাল সংস্থাটির শেয়ারের দাম প্রায় ১ শতাংশ কমে ১৬ দশমিক ৮১ রুপিতে ঠেকেছে।

 

প্রসঙ্গত, গত ডিসেম্বর ত্রৈমাসিকে সংস্থাটি ২৬৯ দশমিক ২৭ কোটি রুপি লোকসান করেছে বলে জানা গেছে।