আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সাজ্জাদুর রহমান। এর আগে তিনি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ঢাকায় কর্মরত ছিলেন।
গতকাল ১৮ ফেব্রুয়ারি তার নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে দায়িত্ব গ্রহণের পর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্ব পালন শুরু করেছেন সাজ্জাদুর রহমান। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
জানা গেছে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বদলি সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপ-সচিব (প্রশাসন-১) এ এফ এম গোলজার রহমান।
প্রজ্ঞাপনে জানানো হয়, মন্ত্রণালয়ের মন্ত্রীর সদয় অভিপ্রায় অনুযায়ী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের কর্মকর্তা (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মো. সাজ্জাদুর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে। নতুন আদেশে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাকে মন্ত্রীর একান্ত সচিব হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়-এ নিয়োগ ও বদলি করা হয়েছে।
এর আগে ১৭ ফেব্রুয়ারি মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরদিন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেন মো. আসাদুজ্জামান।
