প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন। সংগৃহীত ছবি
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই শুভেচ্ছা বার্তা পাঠান তিনি। অভিনন্দন বার্তায় ট্রাম্প বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর সফল মেয়াদ কামনা করার পাশাপাশি দুই দেশের কৌশলগত ও বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মার্কিন প্রেসিডেন্ট তার বার্তায় তারেক রহমানের বিজয়কে 'ঐতিহাসিক' হিসেবে অভিহিত করেন। তিনি বলেন:
‘আমেরিকান জনগণের পক্ষ থেকে আমি আপনার ঐতিহাসিক নির্বাচনের জন্য অভিনন্দন জানাই এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার সফল মেয়াদ কামনা করি।’
দুই দেশের অংশীদারিত্বের ভিত্তি ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প পারস্পরিক শ্রদ্ধা এবং একটি 'মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক' গড়ার ওপর জোর দেন। তিনি এমন এক অঞ্চলের স্বপ্ন দেখেন যেখানে শক্তিশালী ও সার্বভৌম দেশগুলো সমৃদ্ধ হতে পারবে।
শুভেচ্ছা বার্তার একটি বড় অংশ জুড়ে ছিল অর্থনৈতিক ও সামরিক সহযোগিতার বিষয়টি। ট্রাম্প আশা প্রকাশ করেন যে, তারেক রহমানের নেতৃত্বে দুই দেশের মধ্যকার বাণিজ্য চুক্তিগুলো দ্রুত বাস্তবায়িত হবে, যা উভয় দেশের কৃষক ও শ্রমিকদের জন্য সুফল বয়ে আনবে।
প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন:
‘আমি আশা করি আপনি নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করার জন্য সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেবেন; যা অবশেষে আপনার সামরিক বাহিনীকে আমেরিকার তৈরি উচ্চমানের বিশ্বের সেরা সরঞ্জামের সরবরাহ করবে।’
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের ওপর নিজের পূর্ণ আস্থার কথা জানিয়ে ট্রাম্প বলেন, দুই দেশের সম্পর্ককে আগের চেয়ে আরও শক্তিশালী করতে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি বিশ্বাস করেন, যৌথ প্রচেষ্টায় উভয় দেশ আরও সমৃদ্ধ ও নিরাপদ হবে।
