শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০৩:৫০ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
নতুন সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঘোষণা দিয়েছেন—দেশের শিক্ষা ব্যবস্থায় কোনো ধরনের দলীয় রাজনীতি করা হবে না। তিনি বলেন, “আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা শিক্ষা নিয়ে রাজনীতি করব না। আমরা শিক্ষা দিয়ে রাষ্ট্র গড়ব।” বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ববি হাজ্জাজ বলেন, “বাংলা-ইংরেজির পাশাপাশি শ্রমবাজারে প্রয়োজন আছে এমন ভাষা শিক্ষার ব্যবস্থা করা হবে। মাধ্যমিক স্তর থেকে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষাকে অন্তর্ভুক্ত করা হবে।”
তিনি আরও বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান যে বাংলাদেশ কল্পনা করেন—দক্ষ, ন্যায়ভিত্তিক, প্রযুক্তিসক্ষম ও মূল্যবোধসম্পন্ন—সেই বাংলাদেশ গড়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো শিক্ষা। আমাদের দায়িত্ব সেই ভিশনকে বাস্তবায়ন করা—বাজেটে, শ্রেণিকক্ষে, পরীক্ষায় ও কর্মসংস্থানে। এসব বিষয়ে আমরা আপনাদের প্রশ্ন নেব এবং মাসে মাসে আপনাদের সামনে অগ্রগতি রিপোর্ট দেব।”
প্রসঙ্গত, ঈদুল ফিতরের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতিক্রমে জাতীয় শিক্ষা রোডম্যাপ ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নতুন সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে তাঁর এই ঘোষণা শিক্ষাক্ষেত্রে রাজনীতিমুক্ত পরিবেশ গড়ার প্রতিশ্রুতি হিসেবে দেখা হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, শিক্ষা হবে সবার জন্য—দল-মত নির্বিশেষে।
