বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৭ ১৪৩২   ০২ রমজান ১৪৪৭

বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো

শিল্প-বাণিজ্য ডেস্ক

প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

বিশ্ব বাজারে স্বর্ণের দাম কমার প্রভাব দেশের বাজারেও পড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে এই নতুন দামে স্বর্ণ বিক্রি হবে।

 

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে—স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম (প্রতি ভরি)

  • ২২ ক্যারেট: ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা (আগে ছিল ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা)
  • ২১ ক্যারেট: ২ লাখ ৪৩ হাজার ৯৫৩ টাকা (আগে ছিল ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা)
  • ১৮ ক্যারেট: ২ লাখ ৯ হাজার ৭৭ টাকা (আগে ছিল ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা)
  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৭১ হাজার ১১১ টাকা (আগে ছিল ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা)

 

পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। বাজুস জানিয়েছে—স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

 

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৩০ বার সমন্বয় করা হয়েছে। যেখানে দাম ১৮ দফা বাড়ানো হয়েছে এবং ১২ দফা কমানো হয়েছে। রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৩৫৭ টাকায়। বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার কারণে দেশীয় বাজারে এই সমন্বয় এসেছে। ব্যবসায়ীরা বলছেন—আন্তর্জাতিক বাজারের ওঠানামার সঙ্গে দেশীয় দাম সামঞ্জস্য রাখা হয়।