রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০২:৫৪ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
সংগ্রহীত ছবি
রমজান মাসেই পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে এ বিষয়ে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
মন্ত্রী বলেন,
“নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ডের ইস্যু বিস্তারিত উল্লেখ আছে। এটা কার্যকর কীভাবে করা হবে, সেটা নিয়ে আজ আলোচনা হয়েছে। ফ্যামিলি কার্ড দেওয়া হবে-এটা নিয়েই আজ আলোচনা হয়েছে।”
কত পরিবার এ সুবিধা পাবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,
“এটা কিন্তু সার্বজনীন। এতে কোনো রেস্ট্রিকশন থাকবে না।”
বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। তার ভাষ্য,
“হয়তো শুরু করবে হতদরিদ্র থেকে, তারপর দরিদ্র, এরপর মধ্যবিত্ত-এভাবে এগোবে।”
এই রমজানেই কার্যক্রম শুরু হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন,
“ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসেবে চালু হবে। আমাদের প্রধানমন্ত্রী চান, অন্তত পাইলট প্রজেক্ট হিসেবে ঈদের আগেই শুরু করতে। এইটুকু আমি জানি। কার্যক্রমটা কীভাবে চালু করা হবে, সেটা নিয়েই কথা হয়েছে।”
