বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৬ ১৪৩২   ০১ রমজান ১৪৪৭

মডেল অদিতির সঙ্গে ঈশানের প্রেমের গুঞ্জন, দাদাও দিলেন সায়

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ০৩:৩০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৪০ বলে ৭৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে ভারতের জয়ের নায়ক হয়েছিলেন ২৭ বছর বয়সী ঈশান কিষান। সেই রেশ কাটতে না কাটতেই এবার ক্রিকেটের বাইরে তাঁর রোমান্টিক জীবন নিয়ে সংবাদমাধ্যমের শিরোনাম হলেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। ভারতের জনপ্রিয় মডেল অদিতি হুন্ডিয়ার সঙ্গে তাঁর দীর্ঘদিনের প্রেমের গুঞ্জন নিয়ে নতুন তথ্য দিয়েছেন ঈশানের দাদা অনুরাগ পান্ডে।

 

ঈশানের দাদা অনুরাগ পান্ডে সংবাদমাধ্যম এএনআই-কে জানান, অদিতিই ঈশানের প্রেমিকা এবং পরিবারের পক্ষ থেকে তাঁদের বিয়েতে কোনো আপত্তি নেই। তিনি বলেন, “সন্তানরা যেটায় সুখী হয়, তা মেনে নেওয়া উচিত।” তবে দাদার এমন মন্তব্যে বিরক্তি প্রকাশ করেছেন ঈশানের মা সূচিত্রা দেবী। তাঁর মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের গুঞ্জন দেখে দাদা উত্তেজিত হয়ে এমনটা বলছেন। সূচিত্রা দেবীর সাফ কথা, “বিয়ে নয়, এখন ঈশানের খেলায় মনোযোগ দেওয়ার সময়।”

 

 জয়পুরের এক ব্যবসায়ী পরিবারের মেয়ে অদিতি হুন্ডিয়া ভারতের ফ্যাশন জগতের পরিচিত মুখ। ২০১৭ সালে ‘ফেমিনা মিস ইন্ডিয়া’র ফাইনালিস্ট ছিলেন তিনি এবং ২০১৮ সালে ‘মিস ডিভা’ প্রতিযোগিতায় বিজয়ী হন। ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা ২ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। ২০১৯ সাল থেকে আইপিএল ও ভারতের আন্তর্জাতিক ম্যাচগুলোতে নিয়মিত গ্যালারিতে থেকে ঈশানের জন্য তাঁকে গলা ফাটাতে দেখা গেছে, যা তাঁদের সম্পর্কের গুঞ্জনকে আরও উসকে দেয়।

 

ব্যক্তিগত জীবন নিয়ে পরিবারের মধ্যে মতভেদ থাকলেও ঈশান কিষান এখন মাঠের খেলাতেই মনোযোগী। পাকিস্তানকে হারিয়ে ভারত ইতিমধ্যেই বিশ্বকাপের সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ভক্তরা আশা করছেন, মাঠের বাইরের আলোচনা মাঠের খেলায় কোনো প্রভাব ফেলবে না।