বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৬ ১৪৩২   ০১ রমজান ১৪৪৭

রাষ্ট্র পরিচালনায় কৌশলগত তিন দপ্তর সামলাবেন তারেক রহমান

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০৩:৩০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

সংগ্রহীত ছবি

সংগ্রহীত ছবি

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর আনুষ্ঠানিকভাবে সরকার গঠন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই তিনি নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে মন্ত্রণালয় ও বিভাগ বণ্টনের সিদ্ধান্ত চূড়ান্ত করেন।

 

নিজের অধীনে তিনটি গুরুত্বপূর্ণ দপ্তর রেখেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

 

মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রী হিসেবে তিনি যেসব মন্ত্রণালয় ও বিভাগ সরাসরি তত্ত্বাবধান করবেন, সেগুলো হলো: মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ। 

 

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্র পরিচালনার কৌশলগত ও নীতিনির্ধারণী এই তিনটি দপ্তর প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় থাকবে। অন্য সব মন্ত্রণালয় ও বিভাগ নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে বণ্টন করা হয়েছে।

 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী নিজের অধীনে রেখেছেন: মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ।

 

সরকারি ঘোষণায় আরও জানানো হয়, বাকি সব মন্ত্রণালয় ও বিভাগ নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে বণ্টন করা হয়েছে। শপথ গ্রহণের পরপরই ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়োগ দেন প্রধানমন্ত্রী। পরে দপ্তর বণ্টন শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

 

১৭ ফেব্রুয়ারি বিকালে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সের দক্ষিণ প্লাজায়, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি ব্যতিক্রমী ঘটনা। প্রচলিত রীতি ভেঙে এবার শপথ অনুষ্ঠান আয়োজন করা হয় জাতীয় সংসদ ভবনের প্রাঙ্গণে; আগে এ আয়োজন হতো বঙ্গভবনে।