মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৫ ১৪৩২   ২৯ শা'বান ১৪৪৭

নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি যাদের......

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০৭:৫৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীর সমন্বয়ে নতুন মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে। এই মন্ত্রিসভায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে অনেকেই জায়গা পেয়েছেন। তবে দলীয় রাজনীতিতে দীর্ঘদিন প্রভাবশালী হিসেবে পরিচিত বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা মন্ত্রিসভায় স্থান পাননি।

 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ থাকলেও ঘোষিত তালিকায় একাধিক হেভিওয়েট নেতার নাম না থাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যেসব জ্যেষ্ঠ নেতা নতুন মন্ত্রিসভায় জায়গা পাননি, তাদের মধ্যে রয়েছেন—

  • স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস
  • আব্দুল মঈন খান
  • খন্দকার মোশাররফ হোসেন
  • নজরুল ইসলাম খান
  • সেলিমা রহমান
  • আমানউল্লাহ আমান
  • গয়েশ্বর চন্দ্র রায়

এছাড়া দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু–ও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হননি। মন্ত্রিসভায় জায়গা না পাওয়া নেতাদের মধ্যে শামসুজ্জামান দুদু, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী ছাড়া বাকিরা অতীতে বিএনপি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। ফলে তাদের বাদ পড়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা ব্যাখ্যা-বিশ্লেষণ চলছে।

 

কেউ কেউ মনে করছেন—এটি নতুন প্রজন্ম ও নতুন মুখদের প্রাধান্য দেওয়ার কৌশল। আবার কেউ কেউ বলছেন—দলের অভ্যন্তরীণ সমন্বয় ও ভারসাম্য রক্ষার চেষ্টা। তবে দলের কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

 

আজকের শপথ অনুষ্ঠানের পর নতুন মন্ত্রিসভার কাজ শুরু হবে। দলের নেতাকর্মীদের মধ্যে এখন প্রশ্ন উঠছে—মন্ত্রিসভায় জ্যেষ্ঠ নেতাদের অনুপস্থিতি দলের অভ্যন্তরীণ রাজনীতিতে কী প্রভাব ফেলবে।