মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৫ ১৪৩২   ২৯ শা'বান ১৪৪৭

রাঙামাটিতে সর্বোচ্চ ব্যবধানে জয়ী দীপেন দেওয়ান

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০৫:৫০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯-পার্বত্য রাঙামাটি আসনে বিএনপির মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দীপেন দেওয়ান। তিনি সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে এখন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

 

মোট ২১৩টি কেন্দ্রে দীপেন দেওয়ান পেয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৯৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পেয়েছেন ৩০ হাজার ৯৯২ ভোট। অর্থাৎ দীপেনের জয়ের ব্যবধান প্রায় ২ লাখ ২৯ হাজার ভোট—যা এবারের নির্বাচনে সারাদেশে সর্বোচ্চ ব্যবধানের একটি।

 

দীপেন দেওয়ান ১৯৬৩ সালের ৮ জুন রাঙামাটির রাঙ্গাপানি এলাকায় জন্মগ্রহণ করেন। তার পিতা সুবিমল দেওয়ান জিয়াউর রহমানের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর মর্যাদায় উপ-জাতীয় বিষয়ক উপদেষ্টা ছিলেন। পার্বত্য অঞ্চলের স্থানীয় নেতৃত্ব ও সমাজসেবামূলক কাজের মাধ্যমে দীপেন দীর্ঘদিন ধরে পরিচিত মুখ।

 

এবারের নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনে তার বিপুল জয়কে অনেকে পার্বত্য চট্টগ্রামের শান্তি ও উন্নয়নের প্রতি জনগণের আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন। নতুন মন্ত্রিসভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় এ অঞ্চলের সমস্যা সমাধানে তিনি কী ধরনের উদ্যোগ নেন—সেটাই এখন দেখার বিষয়।

 

আজ বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। দীপেন দেওয়ান সেখানে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন।