মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৫ ১৪৩২   ২৯ শা'বান ১৪৪৭

পারমাণবিক আলোচনার আগে হরমুজ প্রণালীতে ইরানের নৌ মহড়া

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০৩:৩৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

পারমাণবিক আলোচনা শুরুর আগেই হরমুজ প্রণালীতে নৌ মহড়া চালিয়েছে ইরান

পারমাণবিক আলোচনা শুরুর আগেই হরমুজ প্রণালীতে নৌ মহড়া চালিয়েছে ইরান

 

সুইজারল্যান্ডের জেনেভায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য দ্বিতীয় দফার পারমাণবিক আলোচনা শুরুর আগেই পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে নৌ মহড়া শুরু করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মহড়া পরিচালনা করছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় ও আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ।

 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) কমান্ডার ইন চিফ মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত মহড়ায় নৌবাহিনী হরমুজ প্রণালীতে ‘স্মার্ট কন্ট্রোল অব দ্য স্ট্রেইট অব হরমুজ’ নামে বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে বড় পরিসরে নৌবাহিনী মোতায়েন করায় মহড়ার এই সময়সূচি লক্ষ্যনীয়।

 

মহড়া চলাকালীন সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জেনেভায় পৌঁছেছেন। মঙ্গলবারের বৈঠকে উভয় দেশের প্রতিনিধি দল অংশ নেবে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও বৈঠকের আগে পরোক্ষভাবে যুক্ত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

“আমি ওই আলোচনায় পরোক্ষভাবে যুক্ত থাকব এবং সেগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে।”

 

ইরান জোর দিয়ে বলেছে, নিষেধাজ্ঞা শিথিল না হলে কোনো সমঝোতা হবে না। তারা দাবী করছে, যেকোনো সমঝোতা হবে ‘দেওয়া-নেয়ার ভিত্তিতে’ এবং শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দাবি মানবে না।

 

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনায় বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও উপস্থিত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

 

এই মহড়া এবং উচ্চপর্যায়ের বৈঠক একযোগে চলার কারণে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক উত্তেজনা এবং নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের মাত্রা বেড়েছে।