মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৫ ১৪৩২   ২৯ শা'বান ১৪৪৭

পর্দার আড়ালে বাটোয়ারা, সামনে বিরোধিতার নাটক: মাহফুজ আলম

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০২:৩১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

সাবেক উপদেষ্টা মাহফুজ আলম

সাবেক উপদেষ্টা মাহফুজ আলম

 

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন পরবর্তী অবস্থান নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তার ভেরিফাইড প্রোফাইল থেকে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি রাজনৈতিক দলগুলোর বর্তমান অবস্থানকে ‘বিরোধিতার নাটক’ বলে অভিহিত করেছেন। তার মতে, একদিকে সুবিধাবাদী গোষ্ঠী এবং অন্যদিকে সাধারণ জনগণ, বর্তমানে দেশ এই দুই ভাগে বিভক্ত।

 

‘বিরোধিতার নাটক’ বন্ধের আহ্বান নির্বাচনী প্রক্রিয়া ও পরবর্তী রাজনৈতিক সমীকরণ নিয়ে প্রশ্ন তুলে মাহফুজ আলম বলেন,

‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন।’

 

তিনি ইঙ্গিত দিয়েছেন যে, পর্দার আড়ালে সমঝোতা বা ‘বাটোয়ারা’র মাধ্যমেই সব কিছু নির্ধারিত হয়েছে, আর এখন সেই পক্ষগুলোই লোকদেখানো বিরোধিতার ভান করছে।

ছাত্রদের নিয়ে আক্ষেপ ও ‘বাটপারি’র অভিযোগ জুলাই-আগস্টের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা শিক্ষার্থীদের ভাগ্য নিয়ে গভীর আক্ষেপ প্রকাশ করেছেন এই সাবেক উপদেষ্টা। তার দাবি, ছাত্রদের স্বার্থকে জলাঞ্জলি দেওয়া হয়েছে। তিনি স্ট্যাটাসে উল্লেখ করেন,

‘বাটোয়ারা করে দেয়া আর মেনে নেয়া বাটপাররা একদিকে, আর জনগণ অন্যদিকে। দুঃখ লাগে, ছাত্রদের জন্য। কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল!’

মিডিয়া ম্যানিপুলেশন ও জনলড়াইয়ের ভবিষ্যৎ মাহফুজ আলমের আশঙ্কা, পিআর (জনসংযোগ) ক্যাম্পেইন এবং গণমাধ্যমের কারসাজির মাধ্যমে জনগণের প্রকৃত সংগ্রামকে ধামাচাপা দেওয়া হতে পারে। বর্তমান পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন,

‘জনগণের ন্যায্য লড়াই এখন এ বাটপারেরা হাপুস করে দিবে পিআর ক্যাম্পেইন আর মিডিয়া ম্যানিপুলেশনের দৌলতে। আল্লাহ এ দেশের জনগণকে রক্ষা করুন।’

 

ফেসবুকে দেওয়া এই স্ট্যাটাসটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, যা নিয়ে নেটজনতার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। অনেকেই তার এই সাহসী বক্তব্যের প্রশংসা করছেন, আবার কেউ কেউ একে রাজনৈতিক ধোঁয়াশা হিসেবে দেখছেন।